Agnimitra Paul: ‘প্লাগে কাগজ গুঁজছে’, এখনই লোডশেডিং! ভয়ঙ্কর অভিযোগ অগ্নিমিত্রার – Bengali News | BJP Candidate Agnimitra Paul claims TMC will try to create loadshedding in booths
ভোট দিতে গেলেন অগ্নিমিত্রাImage Credit: TV9 Bangla
আসানসোল: ২০২১-এ ভোট গণনার দিন লোডশেডিং করানোর অভিযোগ উঠেছিল নন্দীগ্রামে। আর এবার সকাল থেকেই সেই লোডশেডিং-এর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তাঁর আশঙ্কা, লোডশেডিং হয়ে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, পুরনো পদ্ধতিতে রিগিং করার চেষ্টা করতে পারে তৃণমূল।
বৃহস্পতিবার সকালেই ভোট দিতে যান আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আসানসোল উত্তর বিধানসভার এলআইসি অফিসের ২৪৩ নম্বর বুথে ভোট দেন তিনি। সকাল ৮টা নাগাদ তিনি ভোট দেন তিনি।
রাতে আসানসোলে লোডশেডিং হয়েছিল। এরপর সকালে অগ্নিমিত্রা অভিযোগ করেন, ভোট চলাকালীন লোডশেডিং হয়ে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়া হতে পারে। তৃণমূল এই কারসাজি করতে পারে বলে তাঁর অভিযোগ।
অগ্নিমিত্রা বলেন, “আমার কাছে খবর আসছে। লোডশেডিং করানো হবে। প্লাগ পয়েন্টে কাগজ ঢুকিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর লোডশেডিং হয়ে যাবে, ক্যামেরা অফ হয়ে যাবে। পরে আবার ক্যামেরা আনার আগে ৩০-৪০ মিনিটে কেটে যাবে। এগুলো পুরনো স্ট্র্যাটেজি।” তাঁর আরও দাবি, বাইরে থেকে প্রচুর লোক এসেছে। নাদিম বলে একজন দুষ্কৃতী ঢুকেছে বলেও দাবি করেন তিনি।