India-Iran: সুসম্পর্কের কারণে 'ভারত অনেক লাভবান হয়েছে', জাহাজের হামলার পরই মনে করাল তেহরান! - Bengali News | Iran reacts over allegation of attacking on indian flagged ships in strait of hormuz - 24 Ghanta Bangla News
Home

India-Iran: সুসম্পর্কের কারণে ‘ভারত অনেক লাভবান হয়েছে’, জাহাজের হামলার পরই মনে করাল তেহরান! – Bengali News | Iran reacts over allegation of attacking on indian flagged ships in strait of hormuz

Spread the love

নরেন্দ্র মোদী-মোজ়তবা খামেনেইImage Credit: Tv9 Bangla

তেহরান: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কি এবার ইরান-ভারতের সম্পর্কের উপরও পড়ল? দুই দেশের সম্পর্ক কি তলানিতে পৌঁছেছে? গতকাল হরমুজ় প্রণালীতে ভারতের দু’টি জাহাজে ইরানের নৌসেনার হামলার পর থেকেই এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। অথচ, ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা অশান্তির মাঝেও ‘বন্ধু’ ভারতের পাশে থেকেছে ইরান। যুদ্ধ আবহেই ভারতের একাধিক তেলবাহী জাহাজ হরমুজ় পার করেছে। শুধু তাই নয়, ইরান তেলও রপ্তানি করেছে ভারতকে। কিন্তু, হঠাৎ ভারতের জাহাজের উপর কেন হামলা? জল্পনার মাঝেই মুখ খুলেছে ইরান। মনে করিয়ে দিয়েছে ভারত-ইরানের বন্ধুত্বের কথা। শুধু তাই নয়, সেই বন্ধুত্ব থেকে যে ভারত লাভবান হয়েছে, সেটাও মনে করিয়ে দিতে ভোলেনি তেহরান।

ভারতের দু’টি জাহাজে ‘গুলি’

গতকাল ভারতের দু’টি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের নৌবাহিনী। ব্রিটেন দাবি করেছে, ওমানের কাছে ভারতীয় জাহাজের উপর হামলা করা হয়েছে। তবে, জাহাজ দু’টির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে, ভারতের দিক থেকে মুখ ঘুরিয়ে ফিরে যেতে হয়েছে জাহাজ দু’টিকে। দু’টি জাহাজেই প্রায় ২ মিলিয়ন ব্যারেল ইরাকি তেল ছিল। ঘটনার তীব্র প্রতিবাদ করে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালিকে তলব করে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। ঘটনার প্রায় কয়েক ঘণ্টার মধ্যে জবাব এসেছে ইরানের তরফেও।

ভারত লাভবান…কী জানাল ইরান?

ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ ভারতে নিযুক্ত ইরানের সুপ্রিম লিডারের প্রতিনিধি ডক্টর আবদুল মজিদ হাকিম ইলাহি। জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে তিনি ঠিক ওয়াকিবহাল নন। তবে, যদি সেরকম কিছু ঘটে থাকে, নিশ্চয় তার সমাধান হবে খুব তাড়াতাড়ি। তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভাল। ইরান ও ভারতের মধ্যে সুসম্পর্কের জন্য হরমুজ প্রণালী দিয়ে তেল ও ট্যাঙ্কার যাতায়াতের ক্ষেত্রে ভারত লাভবান হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের মধ্যে খুব ভাল ও সফল আলোচনা হয়েছে। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে ইরানের বিদেশসচিবেরও বেশ কয়েকবার আলোচনা হয়েছে। ভারত ও ইরানের সম্পর্ক খুবই শক্তিশালী। তবে, কী ঘটেছে আমি সত্যিই জানি না। আমরা আশা করি যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং এর সমাধান হয়ে যাবে।”

ভারতের সঙ্গে দীর্ঘ সুসম্পর্কের কথা ফের মনে করিয়ে দেন হাকিম ইলাহি। তিনি বলেন, “ইরান ও ভারতের মধ্যে সম্পর্ক ৫ হাজার বছরের ইতিহাসে গেঁথে রয়েছে। সংস্কৃতি, সভ্যতা, শিক্ষা, মানবতা এবং দর্শনের মাধ্যমে ইরান কিন্তু ভারতের সঙ্গে সংযুক্ত। আমাদের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং তা আরও শক্তিশালী হতে থাকবে।”

আন্তর্জাতিক মহলের একাংশ বলছে, বিভ্রান্তির কারণে হামলার ঘটনা ঘটতে পারে। যুদ্ধের সময় এর আগে আমেরিকাও ভুলবশত নিজেদের জাহাজ কিংবা তার সহযোগীদের উপর গুলি চালিয়েছে। ইরানের ক্ষেত্রেও সেরকম কিছু ঘটে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *