Calcutta High Court: প্রথম দফার আগেই আদালতে স্বস্তি পেলেন পবিত্র কর – Bengali News | Nandigram TMC candidate Pabitra Kar gets relief from FIR at Calcutta High Court
কলকাতা: আদালতে স্বস্তি পেলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। তবে পুলিশ তদন্ত করতে পারবে বলে নির্দেশ দিল আদালত। ২০২৬-এর নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ পবিত্র কর (Pabitra Kar)। তৃণমূলের হাইপ্রোফাইল প্রার্থীদের তালিকায় রাখা হচ্ছে তাঁকে। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার দিনই প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।
হুমকি এবং ছিনতাইয়ের অভিযোগে পবিত্র করের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর (FIR)। সেই এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন পবিত্র কর। আগামী ২৩ এপ্রিল প্রথম দফাতেই ভোট রয়েছে নন্দীগ্রামে। তার আগেই এই মামলার শুনানি চেয়েছিলেন তৃণমূল প্রার্থী। আজ, সেই মামলার শুনানি ছিল।
বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতেই পবিত্র করের বিরুদ্ধে এফআইআর হয়। তিনি অভিযোগ তোলেন, পবিত্র বিজেপির প্রতীকে পঞ্চায়েত সদস্য হয়েও তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন, যা আইনবিরুদ্ধ। এই মন্তব্যের পরেই বিষয়টি নিয়ে সরব হয় নির্বাচন কমিশন। পবিত্র করের বিরুদ্ধে নন্দীগ্রাম অশান্ত করার অভিযোগও তোলেন শুভেন্দু।
আগেই শুভেন্দুকে পাল্টা তোপ দেগেছেন পবিত্র কর। তিনি বলেন, ঠনন্দীগ্রামে যত মামলা, যত কেস, যত মানুষ জর্জরিত হচ্ছে, অসহায় বোধ করছে সবকিছুর মাস্টারমাইন্ড শুভেন্দু অধিকারী।” ৪ মে এর হিসেব হবে বলে মন্তব্য করেছেন তিনি।