VIDEO: শমীকের হেলিকপ্টার নামতেই উড়ে গেল একাধিক বাড়ির চাল – Bengali News | Helicopter Landing Chaos in Goalpokhar, BJP Leader Samik Bhattacharya’s Chopper Blows Away Tin Roofs
গোয়ালপোখর: আসছেন নেতা। তাও আবার আকাশপথে। নামছে হেলিকপ্টার। নিচে অগুনতি মানুষের ভিড়। কিন্তু কে জানতো কপ্টারের ঝাপটায় এত বড় কাণ্ড ঘটে যাবে। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে দেখা গেল অদ্ভুত দৃশ্য। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের চপার নামার সময় পাখার হাওয়ায় প্রবল ঘূর্ণিতে উড়ে গেল এলাকার বেশ কিছু গরিব মানুষের বাড়ির টিনের চাল। অস্বস্তিতে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলেও চাপানউতোর।
মঙ্গলবার গোয়ালপোখর বিধানসভার বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের সমর্থনে সাহাপুর ফুটবল মাঠে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। মাঠের ঠিক পাশেই তৈরি করা হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। সেখানেই নামার কথা ছিল নেতাদের। দুপুরবেলা যখন শমীক ভট্টাচার্যকে নিয়ে কপ্টার অবতরণ করতে শুরু করে, তখনই ঘটে বিপত্তি। হেলিকপ্টারের ডানার হাওয়ার প্রচণ্ড চাপে চারপাশের বাড়িগুলির উপর যেন অকাল কালবৈশাখী শুরু হয়ে যায়। চোখের পলকে বেশ কিছু বাড়ির টিনের চাল ঘুড়ির মতো আকাশে উড়তে শুরু করে। ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। তৈরি হয় ব্যাপক আলোড়ন। শোরগোল পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
ক্ষতিগ্রস্তরা বলছেন, এরকম যে হতে পারে তাঁরা স্বপ্নেও ভাবেননি। ইতিমধ্যে ক্ষতিপূরণের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত সুজন হাঁসদা, ফুলমনি হাঁসদারা। খবর পেয়েই ময়দানে নেমে পড়েন গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের হেভিওয়েট নেতা গোলাম রব্বানী। বাড়ির চাল ওড়ার খবর শুনেই তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চলে যান। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানাবেন বলেও জানিয়েছেন।