MP Mamata Bala Thakur: ‘প্রচারের চেয়ে জীবন বড়’, রাস্তা থেকেই রক্তাক্ত যুবক নিয়ে সোজা হাসপাতালে মমতাবালা ঠাকুর - 24 Ghanta Bangla News
Home

MP Mamata Bala Thakur: ‘প্রচারের চেয়ে জীবন বড়’, রাস্তা থেকেই রক্তাক্ত যুবক নিয়ে সোজা হাসপাতালে মমতাবালা ঠাকুর

Spread the love

MP Mamata Bala Thakur: ‘প্রচারের চেয়ে জীবন বড়’, রাস্তা থেকেই রক্তাক্ত যুবক নিয়ে সোজা হাসপাতালে মমতাবালা ঠাকুর

বনগাঁ: রাজনীতির ময়দানে লড়াই চললেও, মানুষের বিপদে যে তিনি সবসময় পাশে থাকেন, ফের তার প্রমাণ দিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। নিজের মেয়ের নির্বাচনী প্রচারে যাওয়ার পথে মাঝরাস্তায় এক পথ দুর্ঘটনা আহত যুবককে উদ্ধারে ঝাঁপিয়ে পড়লেন নিজেই। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ-বাগদা সড়কের আরামডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। 

এদিন বাগদা বিধানসভার তৃণমূল প্রার্থী তথা নিজের মেয়ে মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচার সভায় যোগ দিতে ঠাকুরনগর থেকে বাগদা যাচ্ছিলেন মমতা ঠাকুর। পথে তিনি দেখেন, আরামডাঙ্গার কাছে একটি বাইক দুর্ঘটনা ঘটেছে। আহত অবস্থায় রাস্তায় কাতরাচ্ছেন এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার মাঝে আচমকা কুকুর চলে আসায় বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ওই যুবক। স্থানীয় মানুষ সেখানে ভিড় করলেও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছিল না। 

অবস্থা দেখে এক মুহূর্ত দেরি না করে নিজের কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে আসেন মমতা ঠাকুর। দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষীদের সাহায্যে আহত যুবককে রাস্তা থেকে তুলে নিজের গাড়িতে তোলেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে গিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করান। 

এই বিষয়ে মমতাবালা ঠাকুর বলেন, “আমি বাগদাতে প্রচারে যাচ্ছিলাম। আরামডাঙ্গার কাছে পৌঁছে দেখি ওই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে, অথচ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ ছিল না। আমরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমার কাছে নির্বাচনী প্রচারের থেকে একটা মানুষের জীবনের দাম অনেক বেশি।”

আহত যুবকের নাম অমিত কুমার সাহা, তিনি বাগদার বাসিন্দা বলে জানা যাচ্ছে। পেশাগত কারণে তিনি বাগদা থেকে গড়াপোতার দিকে যাচ্ছিলেন। আহত যুবকের কাকা পরিতোষ কুমার সাহা সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সাংসদ সঠিক সময়ে ওখানে পৌঁছেছিলেন। নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে এসেছেন বলেই ভাইপো এখন অনেকটাই সুস্থ। আমরা ওনার কাছে কৃতজ্ঞ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *