‘বিবৃতিতে ক্ষতিপূরণের কথা বলা হয়নি…’, ন্যায় বিচার চেয়ে শনিবার পথে টলিপাড়া - 24 Ghanta Bangla News
Home

‘বিবৃতিতে ক্ষতিপূরণের কথা বলা হয়নি…’, ন্যায় বিচার চেয়ে শনিবার পথে টলিপাড়া

Spread the love

‘বিবৃতিতে ক্ষতিপূরণের কথা বলা হয়নি…’, ন্যায় বিচার চেয়ে শনিবার পথে টলিপাড়া

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের আবহে চলে গিয়েছে টলিপাড়া। শুটিং ইউনিটের একাধিক পরস্পর বিরোধী বক্তব্য রাহুলের দুর্ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। রাহুলের শেষযাত্রায় যেমন টলিপাড়ার ভিড় ছিল তেমনই ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব। ভিন্ন মতাদর্শের বহু অভিনেতা হাজির ছিলেন কেওড়াতলা মহাশ্মশানে। চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন তাঁরা কাছের বাবিনকে।
এবার একের পর এক অভিনেতা-অভিনেত্রী রাহুলের আকস্মিক মৃত্যুর পূর্নাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিভিন্ন সমাজ মাধ্যম ও সংবাদ মাধ্যমে। প্রযোজক সংস্থার তরফে অবশেষে একটি বিবৃতি আসার সঙ্গে-সঙ্গে রাগে ফেটে পড়েন টলিপাড়ার কিছু অভিনেতারা। প্রযোজকের তরফে যে বিবৃতি এসেছে, তাতে খুশি নন অনেকে। অনেক আলোচনার পর প্রযোজক সংস্থাকে একটি নোটিশ পাঠায় ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম। অভিনেতা রাহুলের দুর্ঘটনার স্বচ্ছ বিবরণ চাওয়া হয়েছে। উত্তরে সন্তুষ্ট না হলে আরও বড় পদক্ষেপ নিতে পারে আর্টিস্টস ফোরাম।
এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর রাহুল নামে একটি পোষ্টার দেখা যায়, যেখানে রাহুলের মৃত্যুর ন্যায়বিচার চেয়ে পথে নামার ডাক দেওয়া হয়। সেই পোষ্টার বিভিন্ন অভিনেতা থেকে পরিচালক কলাকুশলীরা নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেন।
অভিনেতা-পরিচালক অরিন্দম শীলের সোশ্যাল মিডিয়ায় এই পোষ্টার দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করে টিভিনাইন বাংলা। অরিন্দম শীল বলেন, “রাহুলের মৃত্যুর ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের দাবিতে আমরা কয়েকজন মিলে ঠিক করি রাস্তায় প্রতীকী প্রতিবাদ জানাতে হবে। ইন্দ্রদীপ দাশগুপ্ত, দেবপ্রতিম দাশগুপ্ত, প্রযোজক রানা সরকার এবং আরও অনেকে আছেন এই উদ্যোগের সঙ্গে। আর্টিস্টস ফোরাম, ফেডারেশন আলাদা করে এটা করছে এমন নয়। টলিপাড়ার অনেকেই হাজির হবেন। সাধারণ মানুষ আসতে চাইছেন।”
তিনি আরও বলেন, “এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার যে কলাকুশলীরা ছিলেন, সঙ্গে লেখিকা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। এরপর যে দায়সারা বিবৃতি প্রযোজক সংস্থা থেকে সংবাদ মাধ্যমে এসেছে, তাতে এই পরিবারের জন্য কোনও ক্ষতিপূরণের কথা বলা হয়নি। এদিকে এত বড় কোম্পানি! রাহুলের পরিবারকে কে দেখবে? এবার আমরা বলব, ওঁদেরকে শুনে সেটা করতে হবে। শুধু প্রতিবাদ নয়, বিচার চাই আমাদের। শনিবার টেকনিশিয়ানস স্টুডিয়ো থেকে রাহুলের জন্য হাঁটব আমরা।”

খবর পাওয়া গেল, শনিবার বিকেলে কিছু সময়ের জন্য শুটিং বন্ধ রাখার অনুরোধ করা হবে। রাজ চক্রবর্তী, যিশু সেনগুপ্ত থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীজাত, রুপাঞ্জনা মৈত্র, কৌশিক গঙ্গোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো অনেক তারকাই এদিন উপস্থিত হবেন বলে শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *