Kolkata Metro: ১৫ মে থেকে ট্রাফিক ব্লক চিংড়িঘাটায়, সুপ্রিম-ভর্ৎসনার পর মিলল অনুমতি - 24 Ghanta Bangla News
Home

Kolkata Metro: ১৫ মে থেকে ট্রাফিক ব্লক চিংড়িঘাটায়, সুপ্রিম-ভর্ৎসনার পর মিলল অনুমতি

Spread the love

Kolkata Metro: ১৫ মে থেকে ট্রাফিক ব্লক চিংড়িঘাটায়, সুপ্রিম-ভর্ৎসনার পর মিলল অনুমতি

কলকাতা: অবশেষে শুরু হচ্ছে আটকে থাকা মেট্রোর কাজ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন সম্পূর্ণ করতে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৬৬ মিটা লাইন জোড়া লাগলেই ওই লাইন সম্পূর্ণ হবে। এই কাজ আটকে থাকায় সম্প্রতি সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। অবশেষে সেই কাজে মিলল সবুজ সংকেত।

আগামী ১৫ মে থেকে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক করে শুরু হবে কাজ। আরভিএনএলের তরফে এই তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে তিরস্কৃত হতে হয়েছিল রাজ্য প্রশাসনকে। উন্নয়নমূলক কাজে কেন বাধা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠে। চিংড়িঘাটায় বাকি টাকা মেট্রো প্রকল্পের কাজ করার জন্য ট্রাফিক ব্লকের অনুমতি দিল।

বুধবার বিকেলে কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েছে কলকাতা মেট্রো। আরভিএনএল সূত্রে খবর, আগামী ১৫ মে থেকে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক দেওয়া হবে বলে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। সেইদিন থেকেই কাজ শুরু করতে পারবে আরভিএনএল। তারপর ক্রমে ক্রমে আরও তিন থেকে চার দিনের অনুমতি নেওয়া হবে ট্রাফিক পুলিশের কাছ থেকে।

আরভিএনএল কলকাতা পুলিশকে জানিয়েছে, বর্ষা আসার আগেই তারা এই কাজ শেষ করতে চায়। যে কারণে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে জুন মাসের মাঝামাঝি সময়।

৩৬৬ মিটার অংশে পিলারের উপরে গার্ডার বসানো হবে। যার উপর মেট্রোর ট্র্যাক বসানো হবে। এই কাজ হয়ে গেলে বেলেঘাটা মেট্রো স্টেশন এবং গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন জুড়ে যাবে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, যদি এই কাজ শেষ হয়ে যায়, তাহলে চলতি বছরে কবি সুভাষ থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।

আইনি জটিলতা এবং রাজ্য প্রশাসনের অসহযোগিতার জেরে গত ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে গোটা প্রকল্প অথৈ জলে চলে যায়। কোনও সুরাহা না হওয়ায় হাইকোর্টে মামলা করে মেট্রো। কাজ শুরু করার নির্দেশ দেয় আদালত। এরপর মামলা যায় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চ বলে, “আমরা প্রথমবার দেখছি, কোনও রাজ‍্য উন্নয়নের বিরোধিতা করছে। এই মামলা এত দূর গড়িয়েছে যে, এখন নির্বাচন বিধির আওতায় পড়ে গিয়েছে। আপনাদের কাছে উৎসব আগে না যোগাযোগ ব‍্যবস্থার উন্নতি করা আগে?” হাইকোর্টের রায়ই বহাল রাখে শীর্ষ আদালত। অবশেষে কাটতে চলেছে জট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *