Hema Malini: ‘কলকাতায় অনুষ্ঠান ছিল, থিয়েটার দেওয়া হয়নি’, বিস্ফোরক হেমা মালিনী, স্পিকারকে লিখলেন চিঠি - 24 Ghanta Bangla News
Home

Hema Malini: ‘কলকাতায় অনুষ্ঠান ছিল, থিয়েটার দেওয়া হয়নি’, বিস্ফোরক হেমা মালিনী, স্পিকারকে লিখলেন চিঠি

Spread the love

Hema Malini: ‘কলকাতায় অনুষ্ঠান ছিল, থিয়েটার দেওয়া হয়নি’, বিস্ফোরক হেমা মালিনী, স্পিকারকে লিখলেন চিঠি

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গে ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ চলছে, এমন অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। সংস্কৃতি জগতের বহু মানুষের উপর কীভাবে এর প্রভাব পড়ছে, সে কথাও উল্লেখ করেছেন তিনি। এক্স মাধ্যমে চিঠি দেওয়ার কথা জানিয়ে হেমা মালিনীর দাবি, শিল্পীদের রুটি-রুজিতেও প্রভাব পড়ছে। দীর্ঘ প্রায় ৮ বছর ধরে তিনি কলকাতায় আসতে পারছেন না বলেও দাবি করেছেন হেমা মালিনী।

বর্তমানে মথুরার সাংসদ হেমা মালিনী শুধু জনপ্রিয় অভিনেত্রীই নন, একজন নৃত্যশিল্পীও। বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন তিনি। কিন্তু হেমা মালিনীর দাবি, তিনি কলকাতায় অনুষ্ঠান করতে গিয়ে বাধা পেয়েছেন।

হেমা মালিনী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গা পশ্চিমবঙ্গ। ভারতের সাংস্কৃতিক রাজধানী ছিল কলকাতা। ব্রিটিশদের বিরুদ্ধেও শিল্পের মাধ্যমে লড়াই করেছিল বাংলা। কিন্তু আজ সেখানকার মানুষ শিল্পকে বাঁচানোর জন্য লড়াই করছে। কলকাতায় যেতে সবসময়ই ভালো লাগে। কিন্তু ৮-৯ বছর ধরে কলকাতায় যেতে পারছি না। বলা হচ্ছে, নিরাপত্তা দেওয়া হবে না। আমি একজন সাংসদ, একজন শিল্পী, কেন আমাকে নিরাপত্তা দেওয়া হবে না?”

সাংসদ আরও জানান, গত ১৫ মার্চ তাঁর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসার কথা ছিল, কিন্তু তাঁকে থিয়েটার দেওয়া হয়নি। বিজেপি সাংসদ বলেই তাঁকে এভাবে কলকাতায় যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ হেমা মালিনীর। আরও অনেক শিল্পীর সঙ্গে এমনটা করা হচ্ছে বলেও অভিযোগ তুলে অভিনেত্রী বলেন, “এটা খুবই দুঃখজনক।”

তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “ড্রিমগার্ল হেমা মালিনীকে সবসময় স্বাগত। কিন্তু রাজনীতিবিদ হেমা মালিনীর গুরুত্ব পশ্চিমবঙ্গে নেই, ফলে তাঁকে আটকানো হবে বলে মনে হয় না। নরেন্দ্র মোদী, অমিত শাহ এখানে এসে অনুষ্ঠান করছেন যখন, তখন উনিও আসবেন। আসলে এসব বলে উনি প্রচারে থাকতে চাইছেন অথবা দলের কাছে নম্বর বাড়াতে চাইছেন।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *