‘ইয়ে হারাম হ্যায়…’, পরিচালকের কাছ থেকে কোন জিনিসটা নিতে চাননি শাহরুখ? - 24 Ghanta Bangla News
Home

‘ইয়ে হারাম হ্যায়…’, পরিচালকের কাছ থেকে কোন জিনিসটা নিতে চাননি শাহরুখ?

Spread the love

‘ইয়ে হারাম হ্যায়…’, পরিচালকের কাছ থেকে কোন জিনিসটা নিতে চাননি শাহরুখ?

বলিউড বাদশার পর্দার হিরো ইমেজ তো সবারই চেনা, কিন্তু বাস্তব জীবনেও যে তিনি অনেকের কাছে দেবদূত, তা আরও একবার প্রমাণিত হল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রয়াত পরিচালক রবি চোপড়ার স্ত্রী তথা প্রযোজক রেনু চোপড়া জানিয়েছেন, কীভাবে তাঁর চরম আর্থিক সংকটের দিনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শাহরুখ খান। নিজের ছেলের প্রথম সিনেমা তৈরির পথে শাহরুখের নিঃস্বার্থ সাহায্যের কথা বলতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন তিনি।

রেনু চোপড়া স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ২০১৭ সালে তাঁর ছোট ছেলে অভয় চোপড়ার প্রথম ছবি ‘ইত্তেফাক’ তৈরির সময় তাঁদের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। সেই সময় তিনি শাহরুখের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। শাহরুখের স্বভাবসিদ্ধ বিনয় ও বড়দের প্রতি শ্রদ্ধার কথা উল্লেখ করে রেনু বলেন, “আমি তাঁকে বলেছিলাম, ‘দেখো, আমার কাছে টাকা নেই।’ শাহরুখ সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছিলেন, ‘টাকা আমি দিয়ে দেব।’ আমি তাকে এটাও জানাই যে আমার ছেলে খুব মন দিয়ে সিনেমাটি বানাবে।”

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, শাহরুখ ছবিটির চিত্রনাট্য পর্যন্ত না পড়ে বিনিয়োগ করতে রাজি হয়েছিলেন। তাঁর সাফ কথা ছিল, “আমি ঘোড়ায় বাজি ধরি না, আমি সওয়ারিতে বিশ্বাস রাখি। আপনার ছেলে সিনেমাটা বানাচ্ছে, এটাই আমার কাছে যথেষ্ট।”

আর্থিক লগ্নির পাশাপাশি শাহরুখের আর একটি বড় মনের পরিচয় উঠে এসেছে রেনুর কথায়। ছবির কাজ শেষ হওয়ার পর প্রথা মেনে লগ্নিকৃত অর্থের ওপর সুদ বা ইন্টারেস্ট দেওয়ার প্রশ্ন উঠলে শাহরুখ সরাসরি তা প্রত্যাখ্যান করেন। রেনুর কথায়, “আজও সেই কথা মনে পড়ে। ওঁর বিনিয়োগ ছিল ৫০ শতাংশ। কিন্তু সিনেমার শেষে যখন সুদের কথা এল, ও বলল— না, এটা আমার কাছে হারাম। আমি আপনার থেকে সুদ নেব না।”

বর্তমানে শাহরুখ খান ব্যস্ত তাঁর পরবর্তী অ্যাকশন-থ্রিলার ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিতে প্রথমবার বড় পর্দায় বাবা-মেয়ের জুটিতে দেখা যাবে শাহরুখ ও সুহানা খানকে। এছাড়াও ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন। দুবাইয়ের গ্লোবাল ভিলেজের একটি অনুষ্ঠানে ছবিটির ব্যাপারে প্রশ্ন করা হলে শাহরুখ জানান, “পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব কড়া। তিনি ‘পাঠান’ তৈরি করেছেন। তিনি সাফ বলে দিয়েছেন সিনেমার বিষয়বস্তু নিয়ে এখনই যেন মুখ না খুলি। তবে এটুকু নিশ্চিত করতে পারি, এই সিনেমা আপনাদের ভরপুর বিনোদন দেবে।”

আপাতত মুম্বইয়ে এই ছবির শুটিংয়ের কাজ চলছে। বড় পর্দায় আবারও এক বিধ্বংসী লুকে কিং খান-কে দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *