IPL 2026 : ‘অভিশপ্ত’ চিন্নাস্বামীতেই আইপিএলের বোধন, নজরে থাকবেন কোহলি ও অভিষেক! - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 : ‘অভিশপ্ত’ চিন্নাস্বামীতেই আইপিএলের বোধন, নজরে থাকবেন কোহলি ও অভিষেক!

Spread the love

IPL 2026 : ‘অভিশপ্ত’ চিন্নাস্বামীতেই আইপিএলের বোধন, নজরে থাকবেন কোহলি ও অভিষেক!

কলকাতা : ৯ মাসের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে আইপিএলের ১৯তম সংস্করন। এই ৯ মাসে যেমন গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, তেমনই ভারতীয় ক্রিকেটের বেশ কিছু প্রাপ্তি ঘটেছে। যেমন, একমাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। অধিনায়ক হিসেবে ধোনি, রোহিতের সঙ্গে একসারিতে জায়গা করে নিলেন সূর্যকুমার যাদব। এর মধ্যেই আবার মাঠে নামবেন সূর্য। আজ প্রথম ম্যাচে মাঠে নামবেন ভারতীয় সমর্থকদের নয়নের মণি বিরাট কোহলি। গতবারের সেলিব্রেশনের সময় চিন্নাস্বামীতে ১১ জন সমর্থকের মৃত্যুর পর যথেষ্ট সংশয় ছিল যে আদৌ চিন্নাস্বামী ম্যাচ আয়োজনের অনুমতি পাবে কিনা। সেই বাধা কাটিয়ে অবশেষে আজ সেই মাঠেই নামতে চলেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচেই আজ সম্মুখসমরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ।

আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে থাকছে একগাদা চমক। যেমন, মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে ১১টি সিট ফাঁকা থাকবে স্টেডিয়ামে। শুধু আইপিএলের সময় নয়, যেকোনও ম্যাচেই ফাঁকা রাখা হবে এই সিটগুলি। এছাড়াও এই আইপিএলে আজ হবে না কোনও উদ্বোধনী অনুষ্ঠান। যদি কোনও অনুষ্ঠান হয়, সেটি হবে ফাইনাল ম্যাচের দিন। আজ মাঠে দেখা যাবে কোহলিকে। শেষবার ইন্দোরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ জানুয়ারি মাঠে নেমেছিলেন তিনি। তাঁর করা ১২৪ রান করা সত্ত্বেও ৪১ রানে হেরে গিয়েছিল ভারত। এমনিও, তিনি মাঠে নামলেই তাঁকে নিয়ে প্রবল উন্মাদনা তৈরী হয় ভক্তদের মধ্যে। তার উপর আজ উদ্বোধনী ম্যাচ। দিন কয়েক আগেই একটি পডকাস্টে আরসিবির কিপার জিতেশ শর্মা বলেছিলেন, এই বছর এক সিজনে করা ৯৭৩ রানের রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট। তাই স্বাভাবিকভাবেই আজ নজর থাকবে তাঁর দিকে। সঙ্গে রয়েছেন ঘাতক ফিল সল্ট। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সেভাবে খুব বেশি রান না করতে পারলেও এই আইপিএলে নজর থাকবে তাঁর দিকে। ঠিক তেমনই, নজরে থাকবেন ইংল্যান্ডের ২২ বছরের জেকব বেথেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে প্রায় একাই ভারতকে হারিয়ে দিচ্ছিলেন বেথেল। করেছিলেন ১০৫ রান। তাও তিনি দলে থাকবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠবে কারণ দলে রয়েছেন দেবদত্ত পাডিক্কাল। আরসিবির ৪ বিদেশী হতে পারেন, ফিল সল্ট, টিম ডেভিড, রোমারিও শেপার্ড ও বোলার জেকব ডাফি। বাঁহাতি পেসার যশ দয়াল এই আইপিএলে থাকবেন না। ডানহাতি যশ হ্যাজলউড চোটের কারনে শুরুর কয়েক ম্যাচে নেই। ফলে চাপে থাকবেন ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পান্ডিয়ারা।

উল্টোদিকে, আজ দেখা যাবে আইপিএলের সবথেকে বিস্ফোরক টপ অর্ডারকে। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং ইউনিট শেষ ৩ বছর ধরেই যথেষ্ট শক্তিশালী। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান যেকোনও দিন বিশ্বের যেকোনও বোলিং ইউনিটকে নিয়ে ছিনিমিনি খেলতে পারেন। কিন্তু এই টি-টোয়েন্টি বিশ্বকাপ একদমই ভাল যায়নি অভিষেকের। তাঁর উপরে প্রত্যাশা পূরণের চাপ থাকবে। এই সিজনে অধিনায়ক ঈশান কিষান। তিনিও মারকাটারি ইনিংস খেলার ক্ষমতা রাখেন। হেড ছাড়া বাকি ৩ বিদেশি, সম্ভবত হেনরিখ ক্লাসেন, ব্রাইডন কার্স ও লিয়াম লিভিংস্টোন। ভারতীয় পেসার হিসেবে থাকবেন হর্ষল প্যাটেল ও জয়দেব উনাদকট। লিভিংস্টোনের বদলে আজ দেখা যেতে পারে শ্রীলঙ্কান ঈশান মালিঙ্গাকেও। চিন্নাস্বামীর মাঠ এমনিতেই ছোট। আশা করা যায়, ২২০ বা তার বেশি রান উঠতে পারে আজ। ভাল ব্যাটিং উইকেট পাবেন ব্যাটাররা। কিন্তু প্রায় ১০ মাস এই মাঠে কোনও ম্যাচ না হওয়ার কারণে পিচ কেমন ব্যবহার করবে, কেউই জানেন না। সব মিলিয়ে, আইপিএলের উদ্বোধনী দিনেই হাই-ভোল্টেজ ম্যাচের সম্ভাবনা দেখছেন ভক্তরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *