হরমুজের তলায় লুকনো আরও বিপদ, ইন্টারনেট দুনিয়ায় নেমে আসতে পারে অন্ধকার - 24 Ghanta Bangla News
Home

হরমুজের তলায় লুকনো আরও বিপদ, ইন্টারনেট দুনিয়ায় নেমে আসতে পারে অন্ধকার

Spread the love

হরমুজের তলায় লুকনো আরও বিপদ, ইন্টারনেট দুনিয়ায় নেমে আসতে পারে অন্ধকার

তেহরান: তৃতীয় সপ্তাহে পড়ল ইরান-ইজরায়েল যুদ্ধ। এখনও পরিস্থিতি আয়ত্তের বাইরে। হরমুজ প্রণালীতে আশঙ্কার মেঘ এখনও কাটেনি। বিশ্বের একাধিক দেশে পেট্রোলিয়ামের সঙ্কট তৈরি হচ্ছে। ইরান যেভাবে হরমুজ প্রণালীতে জলের তলায় মাইন রেখে দিয়েছে, তাতে বিস্ফোরণের আশঙ্কা বাড়ছে। ফলে বাণিজ্যিক ট্যাঙ্কারের যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এরই মধ্যে তৈরি হয়েছে অন্য ভয়। এই পরিস্থিতির জেরে ইন্টারনেট দুনিয়ায় বড় প্রভাব পড়তে পারে।

এই প্রণালীতে সমুদ্রের তলা দিয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেবল। যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে কি সেই লাইন বন্ধ করে দিতে পারে তেহরান? সে ক্ষেত্রে ক্ষতি হতে পারে বিপুল পরিমাণ ডেটার।

জানা গিয়েছে, সমুদ্রের তলা দিয়ে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে ওই ফাইবার-অপটিক কেবল। ভিডিয়ো কল থেকে ই-মেইল, এআই পরিষেবা থেকে ব্যাঙ্কের তথ্য়ের মতো ডেটা রয়েছে এই লাইনে।

এই কেবলের মাধ্যমেই ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্য়ে ইন্টারনেট ট্রাফিকের সংযোগ স্থাপন হয়। ডেটা সেন্টার, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এই কেবল খুব জরুরি। ভারতের সঙ্গে ভিনদেশের ডেটা সংযোগের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাজন, মাইক্রোসফটের মতো সংস্থা কোটি কোটি ডলার খরচ করে সৌদি আরব ও আরব আমিরশাহীতে ডেটা সেন্টার তৈরি করেছে। ওই অঞ্চলকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সেন্টার তৈরি করার পরিকল্পনাও রয়েছে।

আপাতত যা পরিস্থিতি, তাতে ওই কেবলগুলি মেরামত করার কোনও উপায় থাকছে না। সমুদ্রের তলায় গিয়ে কাজ করা ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। একটু ভুল হলেই হতে পারে মাইন বিস্ফোরণ, ঘটতে পারে দুর্ঘটনা, কাটা যেতে পারে কেবল। ফলে ইন্টারনেট দুনিয়ায় বড় প্রভাব পড়তে পারে এই যুদ্ধের জেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *