বাদ চিরঞ্জিৎ-কাঞ্চন, তৃণমূলের তালিকায় এবার স্টার প্রার্থী কারা?

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার অনেক আগেই রাজনীতির অন্দরে শুরু হয়েছিল তীব্র জল্পনা। সূত্রের খবর ছিল, এবার বেশ কয়েকজন বিদায়ী তারকা বিধায়ককে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। এই তালিকায় সবথেকে বড় চমক ছিল অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী এবং উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। বারাসতের দীর্ঘদিনের বিধায়ক চিরঞ্জিৎ আগেই রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, অন্যদিকে কাঞ্চন মল্লিককে নিয়েও দলের অন্দরে সমীকরণ বদলাচ্ছে। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকায়। দেখা গেল ২৯১ কেন্দ্রে প্রার্থী তালিকায় বাদ পড়লেন চিরঞ্জিৎ চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক। এবারের বিধানসভা নির্বাচনে চিরঞ্জিতের বদলে বারাসত কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়বেন উত্তর পাড়ার সাংসদ ও তৃণমূলপন্থী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিকের বদলে তৃণমূলের টিকিট পেলেন সব্যসাচী দত্ত।
আসন্ন বিধানসভায় তৃণমূলের তারকা প্রার্থী কারা?
মঙ্গলবার প্রকাশিত তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকার দিকে চোখ রাখলে স্পষ্ট হচ্ছে, এবার নতুন তারকা মুখ নেই। বরং পুরনো স্টার ম্যাজিকের উপরই ভরসা রেখেছেন যে তৃণমূল সুপ্রিমো তা একেবারে স্পষ্ট। যেমন, পরিচালক রাজ চক্রবর্তী রইলেন বারাকপুর কেন্দ্রেই, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রইলেন বরানগরেই, সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী রইলেন রাজারহাট-গোপালপুরে, অভিনেত্রী লাভলি মৈত্র রইলেন সোনারপুর দক্ষিণেই। তবে অভিনেতা সোহম চক্রবর্তীর বদল হল কেন্দ্র। ২১-এর বিধানসভায় চণ্ডীপুর থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন সোহম। আর এবার তাঁর লড়াইয়ের কেন্দ্র করিমপুর। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী তালিকায় এবার নিউ এন্ট্রি সাধন পাণ্ডেকন্যা শ্রেয়া পাণ্ডে।