বহুবার কর্পূরের মত উবিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে? কী বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত? - 24 Ghanta Bangla News
Home

বহুবার কর্পূরের মত উবিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে? কী বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত?

Spread the love

বহুবার কর্পূরের মত উবিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে? কী বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত?

ঋতু আসে ঋতু যায়, তবে বাংলা সিনেমার এভারগ্রিন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত বাঙালি দর্শকদের পছন্দের তালিকায় রয়ে গিয়েছেন।

দশকের পর দশক তিনি বাংলা ছবির প্রথম সারির নায়িকা। সম্প্রতি তাঁর নতুন ছবি ‘কর্পূর ‘ ছবির প্রচারে এসে নায়িকা জানালেন তাঁর বাংলা সিনেমায় টিকে থাকার লড়াই । কর্পূর ছবিতে তাঁর অভিনীত চরিত্রকে কর্পূরের মত উবিয়ে দেওয়া হয়। তবে বাস্তব জীবনে টলিপাড়ায় ঋতুপর্ণা সেনগুপ্তর কেরিয়ারও বারবার সমস্যায় পড়েছে। তবে লড়াই করেই সেই জায়গাতেই রয়ে গিয়েছেন। টলিপাড়ার অন্দরে বহু নায়ক নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিতের হিট জুটিকে দায়ী করেছেন, তাঁদের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার কারণ হিসেবে । তবে এই নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত কখনও নিজে কিছু বলেননি। টিভিনাইন বাংলার কাছে নায়িকা বলেন, ”

আমার সাফল্যও সহজে পাইনি। বহুবার আমার কেরিয়ার নষ্ট করার চেষ্টা হয়েছে। আজও আমি লড়াই করেই চলেছি। তবে আমি আমার সমস্যার কথা বলতে পছন্দ করি না। আমার সমস্যার কেউ মেটাতে পারবে না। তাই আমার সমস্যার কথা বলে লাভ কি? এর থেকে ভালো মন দিয়ে নিজের কাজটা করে যাওয়া, সমস্যার সমাধান করার প্রয়াস করি। রাজনীতি আমি বুঝি না, তাই সিনেমার রাজনীতি হোক বা জীবনের রাজনীতি আমার আসে না ।”

প্রসঙ্গত যে জুটি নিয়ে এত সমালোচনা শুনতে হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে সেই প্রসেজিৎ-ঋতুপর্ণা জুটি কাজ করেনি প্রায় ১৪ বছর। তবে সেই চোদ্দ বছর একের পর ছবি করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজে প্রযোজক হয়েছেন। নতুন অভিনেতাদের সিনেমায় নায়ক করেছেন। বহু নারী কেন্দ্রিক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন। এর পর যখন নন্দিতা রায় -শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রাক্তন ছবির হাত ধরে এই জুটি বড় পর্দায় ফেরে, তখন সেই রসায়ন আবার ফ্যানদের মুগ্ধ করে। ছবির প্রযোজক হিসেবে বারবার তিনি ছবি প্রদর্শনীর সময় নিয়ে লড়াই করেছেন। তিনি বললেন, ” এখনও আমি লড়াই করেই চলেছি। খুব সহজে আমার সব কাজ হয়নি। প্রতি পদে বাধা পেয়েছি। আমি কুড়িয়ে পাওয়া চোদ্দ আনাতে বিশ্বাস করিনি কোনও দিন। নিজের পরিশ্রমে নিজের পরিচিতি তৈরিতে বিশ্বাস করি। আমার সংসার, কেরিয়ার সমান তালে সামলে চলছি। প্রতিদিন নতুন করে কাজ করি, সমস্যা আমার নিত্য সঙ্গী। তাতে সমস্যাকে নিঃশব্দে মিটিয়ে এগিয়ে চলেছি।” হাজার সমস্যা ট্রোলকে অবদমিত করে নিজের স্থান প্রতিষ্ঠিত করে চলেছেন টলিকুইন বাংলা সিনেমার দিদি ঋতুপর্ণা সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *