Jagdish Prasad Meena: স্বরাষ্ট্রসচিব পদ থেকে সরানোর পর জগদীশ মিনাকে বেনজির নির্দেশ নির্বাচন কমিশনের - 24 Ghanta Bangla News
Home

Jagdish Prasad Meena: স্বরাষ্ট্রসচিব পদ থেকে সরানোর পর জগদীশ মিনাকে বেনজির নির্দেশ নির্বাচন কমিশনের

Spread the love

Jagdish Prasad Meena: স্বরাষ্ট্রসচিব পদ থেকে সরানোর পর জগদীশ মিনাকে বেনজির নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা: ভোট ঘোষণা হওয়ার কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের তৎকালীন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে দিল্লিতে ট্রেনিং-এর জন্য পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এভাবে কোনও স্বরাষ্ট্রসচিবকে অবজারভার করার জন্য ট্রেনিং-এ পাঠানোর নজির নেই। ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে স্বরাষ্ট্রসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এবার বেনজির নির্দেশ। ভিনরাজ্যে পর্যবেক্ষক করে পাঠানো হল জগদীশ প্রসাদ মিনাকে।

কমিশন সূত্রে খবর, তামিলনাড়ুর তিরুচিরাপল্লী পশ্চিমের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হচ্ছে মিনাকে। রবিবার ভোট ঘোষণার পর মধ্যরাতে তাঁকে স্বরাষ্ট্রসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয় জগদীশ প্রসাদ মিনাকে। এরপর সোমবার রাতেই তাঁকে অন্য দফতরের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার সকালেই তামিলনাড়ুর একটি আসনের পর্যবেক্ষক করে জগদীশ প্রসাদ মিনাকে পাঠানো হয়েছে।

আগে জগদীশ প্রসাদ মিনা সহ ২৫ জন আইএএস-আইপিএস-কে দিল্লিতে পাঠানো হয়েছিল প্রশিক্ষণ নেওয়ার জন্য। কিন্তু প্রশাসনিকভাবে বলা হয়েছিল, প্রশিক্ষণ নিলেই যে যেতে হবে, তার কোনও মানে নেই। কিন্তু ভোট ঘোষণা হতেই স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

কমিশনের যুক্তি ছিল, নিয়ম মেনে অবজারভারের তালিকা চেয়ে রাজ্য সরকারকে পাঁচ বার রিমাইন্ডার দিয়েছিল কমিশন। তারপরও কোনও তালিকা দেয়নি রাজ্য। তারপরই স্বরাষ্ট্রসচিব ও সিপিকে অবজারভার হিসেবে নিয়োগ করার কথা জানানো হয়।

এদিকে শুধু স্বরাষ্ট্রসচিব পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকেই নয়, মুখ্যসচিব পদ থেকেও নন্দিনী চক্রবর্তীকে বদলি করেছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হয়েছেন দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হয়েছেন ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষ। কেবল প্রশাসনিক স্তরেই নয়, পুলিশের শীর্ষকর্তাদেরও বদল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *