BJP Candidate: পেশায় পরিচারিকা কলিতা টিকিট পেতেই বড় প্রশ্ন তুলল তৃণমূল, কেন জটিলতা? - 24 Ghanta Bangla News
Home

BJP Candidate: পেশায় পরিচারিকা কলিতা টিকিট পেতেই বড় প্রশ্ন তুলল তৃণমূল, কেন জটিলতা?

Spread the love

BJP Candidate: পেশায় পরিচারিকা কলিতা টিকিট পেতেই বড় প্রশ্ন তুলল তৃণমূল, কেন জটিলতা?

আউশগ্রাম: সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে নাম রয়েছে কলিতা মাজির। পেশায় পরিচারিকা কলিতাকে ২০২১-এও প্রার্থী করেছিল বিজেপি। পরাজিত হন তিনি। এবারও তাঁর উপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। তপশিলি সংরক্ষিত এই আসনে কলিতাকে প্রার্থী করে রীতিমতো চমক দিয়েছিল বিজেপি। তবে এবার তাঁর নাম ঘিরে দানা বেঁধেছে বিতর্ক।

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কলিতা মাজির নাম বিবেচনাধীন। কীভাবে অমীমাংসিত তালিকায় থাকা একজনকে প্রার্থী করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঝপুকুর পাড়ের বাসিন্দা কলিতা মাজি। তিনি পেশায় পরিচারিকা। পরিবারে রয়েছেন স্বামী ও এক ছেলে। ছেলে পার্থ এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গুসকরা পুরসভার ১৯৫ নম্বর বুথের ভোটার কলিতা মাজি। এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায়, ওই বুথে ৩৯৭ নম্বর সিরিয়ালে রয়েছে তাঁর নাম। কিন্তু সেই পাশে লেখা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’। অর্থাৎ তাঁর ভোটার পরিচয় নিয়ে এখনও নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বাকি রয়েছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তাঁর নাম নিয়ে। তিনি কি নিজের ভোট নিজে দিতে পারবেন? এই নিয়েই এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা। যদিও এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কলিতা মাজি। তিনি জানান, এসআইআর প্রক্রিয়ায় প্রাথমিকভাবে তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানির জন্য ডাক পান। সেই মতো তিনি শুনানিতে হাজিরাও দিয়েছিলেন।
কলিতা মাজির দাবি, তাঁরা সাত বোন। বাকি ছয় বোনের নাম উঠেছে, শুধু তাঁর নাম বিচারাধীন রয়েছে। প্রয়োজনীয় সমস্ত নথিই জমা দিয়েছেন তিনি। আপাতত কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। প্রার্থী হওয়ার পর আত্মবিশ্বাসী কলিতা বলেন, ‘এবার আমরাই জিতব।’

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভা কেন্দ্রটি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এবং এটি তপসিলি জাতি সংরক্ষিত আসন। গত বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভেদানন্দ থাণ্ডার জয়ী হয়েছিলেন। তিনি পেয়েছিলেন ১ লক্ষ ৩৯২টি ভোট। বিজেপি প্রার্থী কলিতা মাজি দ্বিতীয় হয়ে পেয়েছিলেন ৮৮ হাজার ৫৭৭টি ভোট।

জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, “আমরা প্রথম থেকেই যে অভিযোগ করছিলাম, এখন তা কার্যত প্রমাণিত হল। বিজেপি প্রার্থী বিবেচনাধীন অথচ তাঁর নাম বিজেপির প্রার্থী তালিকায়। অর্থাৎ বিজেপির সঙ্গে যে কমিশনের আঁতাত আছে এটা বোঝা গেল।” তবে এই বিষয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “গোটা বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে। কিন্তু এতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে ভুল ও মিথ্যা তা প্রমাণিত হল। কমিশন জাত বা ধর্ম দেখে নয়, তাদের নিয়ম অনুযায়ী কাজ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *