BJP: হঠাৎ কেন বুলডোজারে সুকান্ত? কারণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

BJP: হঠাৎ কেন বুলডোজারে সুকান্ত? কারণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Spread the love

BJP: হঠাৎ কেন বুলডোজারে সুকান্ত? কারণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

বাঁকুড়া: বাংলাতেও উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মতো বুলডোজার সরকার দরকার। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একথা বলতে শোনা যায়। তা বলে বুলডোজারে চড়ে কর্মসূচিতে অংশগ্রহণ! বাস্তবে আজ (সোমবার) এমন দৃশ্যই দেখা গেল বাঁকুড়ায়। বুলডোজারে চড়ে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করতে এলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুলডোজারে চড়ার কারণও জানালেন তিনি। বললেন, রাজ্যের মানুষ চাইছে বুলডোজার সরকার।

এদিন সন্ধেয় বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার সুপুর এলাকায় পরিবর্তন যাত্রা নিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে পৌঁছান বিজেপির কর্মী সমর্থকেরা। সুপুরে পরিবর্তন যাত্রার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল একটি বুলডোজার। সুপুরে পৌঁছাতেই পরিবর্তন যাত্রার বিশেষ যান ছেড়ে ওই বুলডোজারে চেপে পড়েন সুকান্ত মজুমদার-সহ দলের জেলা নেতৃত্ব। তাঁর সঙ্গে ছিলেন বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি একসময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। বুলডোজারে চেপে বেশ কিছুটা পথ অতিক্রম করেন তাঁরা। সেইসময় প্ল্যাকার্ডে লেখা ছিল, “চাই বিজেপির সরকার। বুলডোজার দরকার। গুঁড়িয়ে দেবে চোর তৃণমূলের সরকার।”

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির বুলডোজারে চড়া নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে। পরে তাঁর বুলডোজারে চড়া নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “কর্মীরা আবদার করেছিল। কর্মীরা আয়োজন করেছিল, সেজন্য বুলডোজারে চড়ে এসেছি। এ রাজ্যের মানুষ চাইছেন বুলডোজার সরকার। বুলডোজার সরকার অর্থে সেই সরকার সবসময় বুলডোজার চালাবে তা নয়, আসলে সেই সরকার অপরাধীদের বিরুদ্ধে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।” বাংলায় পরিবর্তন হচ্ছে বলে তিনি দাবি করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *