Taha Siddiqui attacks: ইসালে সাওয়াবের আগেই ফুরফুরায় গৃহযুদ্ধ? ফের ত্বহার নিশানায় কাশেম - Bengali News | Taha Siddiqui attack on Shawkat Molla and Kasem Siddiqui - 24 Ghanta Bangla News
Home

Taha Siddiqui attacks: ইসালে সাওয়াবের আগেই ফুরফুরায় গৃহযুদ্ধ? ফের ত্বহার নিশানায় কাশেম – Bengali News | Taha Siddiqui attack on Shawkat Molla and Kasem Siddiqui

Spread the love

রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla

ফুরফুরা: শুক্রবার থেকেই ফুরফুরা শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান ‘ইসালে সাওয়াব’। প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের সমাগম হতে চলেছে এই মুসলিমদের এই পবিত্র তীর্থক্ষেত্রে। তবে অনুষ্ঠান শুরুর আগেই পীরজাদাদের পারস্পরিক দ্বন্দ্বে তৈরি হয়েছে চরম বিতর্ক। ফুরফুরা শরীফের প্রভাবশালী পীরজাদা ত্বহা সিদ্দিকী এবার সরাসরি নিশানা করেছেন পীরজাদা কাশেম সিদ্দিকীকে।

তীব্র আক্রমণ ত্বহার 

ত্বহা সিদ্দিকীর অভিযোগ, রাজ্য সরকার ইসালে সাওয়াবের জন্য যে অনুদান দিয়েছে, তা তছরুপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব কাশেম সিদ্দিকীর হাতে তুলে দেওয়ায় ক্ষোভ উগরে দিয়ে ত্বহার প্রশ্ন, ফুরফুরায় কি পাকাপাকিভাবে তাঁর ক্ষমতা খর্ব করার চেষ্টা চলছে? কাশেম সিদ্দিকীকে ‘দালাল’ বলে কটাক্ষ করে তাঁর সাফ কথা, কাশেম মিথ্যা কথা বলছেন। এখানেই না থেমে তিনি আরও বলেন, “ওল্ড ইজ গোল্ড। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ে পরিচিত নই, বাংলার মানুষ আমাকে ভালোবাসে বলেই আজ আমি এই জায়গায়।” পাশাপাশি, গঙ্গাসাগর মেলার তুলনায় ফুরফুরার জন্য বরাদ্দ কম হওয়াতেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিন শুধুমাত্র ফুরফুরার অভ্যন্তরীণ বিষয় নয়, আগামী বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলেও বিতর্ক উস্কে দিয়েছেন ত্বহা সিদ্দিকী। ভাঙড়ের দাপুটে নেতা শওকত মোল্লা, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তোপের পর তোপ দাগেন তিনি। খোঁচা দিয়ে বলেন, “বাংলার মানুষ সজাগ হোন। ভোট হবে ব্যক্তি বিরোধী। যারা দিনের বেলায় তৃণমূল আর রাতে আরএসএস করে, তাদের বিরুদ্ধে ভোট হবে। যারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে, তাদের ক্ষমা নেই।”

শওকত মোল্লাকে ‘বোমা বাঁধার মাস্টার’ বলে আক্রমণ করে তিনি আরও বলেন, “ভাঙড়ে যদি শওকত মোল্লাকে টিকিট দেওয়া হয়, তবে মানুষ আগে থেকেই নিজেদের কবর খুঁড়ে রাখুন। ও নিজেই নিজের পুলিশ দিয়ে আইএসএফ কর্মীদের ফাঁসাবে।” 

পাল্টা জবাব কাশেম সিদ্দিকীর 

যদিও পীরজাদা কাশেম সিদ্দিকী বলছেন, মুখ্যমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। তাঁর কথায়, “কে কী বলল তাতে আমি কান দিচ্ছি না। সব পীর সাহেবদের সঙ্গে নিয়েই আমি কাজ করছি এবং তীর্থযাত্রীদের সুরক্ষাই আমার কাছে প্রধান লক্ষ্য।” প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন তিনি। তারপর থেকেই ত্বহার আক্রমণের ধার যেন দিনে দিনে বেড়েছে। কিছুদিন আগেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে ত্বহা বলেছিলেন, “নির্বাচনে সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে।” এখন এবার ইসালে সাওয়াবকে কেন্দ্র করে নতুন চাপানউতোর। 

অন্যদিকে এদিন বিকেলেই এবার উজল পুকুর এলাকায় একটি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত। যাতায়াত ব্যবস্থা সুগম করতে অতিরিক্ত পরিবহণ, পানীয় জল ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কাশেম সিদ্দিকী সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *