Asansol: খসড়ায় ত্রুটিমুক্ত নাম ছিল, শুনানিতে ডাক পড়েনি তবু ডিলিটেড – Bengali News | The draft had error free names, but they were deleted even though they were not called for in the hearing
চূড়ান্ত তালিকায় নাম নেইImage Credit: Tv9 Bangla
আসানসোল: প্রকাশিত হয়েছে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা। আর সেই তালিকা প্রকাশ হতেই সামনে এসেছে একাধিক নাম বাদ পড়ার অভিযোগ। তেমনই চমকপ্রদ ঘটনা আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায়। জানা যাচ্ছে, আসানসোলের এক বাসিন্দার নাম খসড়ায় ছিল। শুনানিতেও ডাক পড়েনি তাঁর। তবুও তাঁর পাশে দেখানো হয়েছে ডিলিটেড।
পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণের বাসিন্দা উদয় মুখোপাধ্যায়। পেশায় বিসি কলেজের কর্মী এবং নির্বাচন কমিশনের কর্মী (সেকেন্ড পোলিং অফিসার ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উদয় একজন সক্রিয় তৃণমূল কর্মী। তাঁর বাড়ি বার্নপুরের শামবাঁধ এলাকায়। উদয়ের দাবি, খসড়া ভোটার তালিকায় তাঁর নাম ছিল। অথচ চূড়ান্ত তালিকায় হঠাৎই বাদ পড়ে গিয়েছে তাঁর নাম।
তিনি জানান, শুনানির জন্যও তাঁকে ডাকা হয়নি। পরিবারের অন্যান্য সকল সদস্যের নাম চূড়ান্ত তালিকায় বহাল থাকলেও একমাত্র তাঁর নামই বাদ গিয়েছে। কী কারণে তাঁর নাম বাদ পড়ল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা এখনও তিনি পাননি বলে অভিযোগ। এ প্রসঙ্গে উদয় মুখোপাধ্যায় বলেন, “আমি সক্রিয় তৃণমূল কর্মী। যখন খসড়া তালিকা ছিল সেই তালিকায় আমার নাম ছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় আমার নাম নেই। আমার পরিবারের সকলের নাম রয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না।”