Palestine PM Resign: যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পদত্যাগ প্যালেস্তাইনের প্রধামন্ত্রীর – Bengali News | Palestinian PM Mohammad Shtayyeh resigns amid uncertainty over post war Gaza plans
প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী
তেল আভিভ: ইজরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইস্তফা দিলেন প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শাতায়ে। সোমবার প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের কাছে তিনি নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। গাজায় যুদ্ধপরবর্তী রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলে প্যালেস্তাইন অথোরিটির উপর চাপ বৃদ্ধি করছিল আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়া। সেই চাপের মধ্যেই পদত্যাগ করলেন প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী। যদিও প্রেসিডেন্ট পদত্যাগ পত্র জমা করলে তবেই অব্যাহতি পাবেন শাতায়ে। কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী স্থির না হওয়া পর্যন্ত শাতায়েকে দায়িত্ব পালন করতে বলতে পারেন প্রেসিডেন্ট আব্বাস।
প্রায় ৩০ বছর আগে মধ্য প্রাচ্যে তৈরি হয়েছিল প্যালেস্তাইন অথোরিটি। ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্ব যখন চরমে ওঠে, তখন অসলো শান্তিচুক্তির মাধ্যমে তৈরি হয় প্যালেস্তাইন অথোরিটি। প্যালেস্তাইন এলাকার শাসনভার নিয়ন্ত্রণের জন্যই এই প্যালেস্তাইন অথোরিটি তৈরি হয়। প্যালেস্তাইন এবং গাজার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যই তা তৈরি করা হয়। ইজরায়েলের সঙ্গে চুক্তি মেনে শান্তি বজায় রাখার উদ্দেশ্যেই তা তৈরি হয়। প্রথম ভালভাবে কাজ শুরু করলেই দিনে দিনে জনপ্রিয়তা হারাতে থাকে। প্যালেস্তাইনবাসীর মধ্যে অথোরিটি নিয়ে বিতৃষ্ণাও বাড়ে। সেই সুযোগ গত কয়েক বছরে কাজে লাগায় হামাস। প্যালেস্তাইন অথোরিটিকে রীতিমতো কাগুজে বাঘে পরিণত করে গাজার নিয়ন্ত্রক হয়ে ওঠে হামাস। যার পরিণতি ইজরায়েলে হামলা এবং তার পর থেকে শুরু হওয়া যুদ্ধ।
এই পরিস্থিতিতে আমেরিকা চাইছে নতুন করে প্যালেস্তাইন অথোরিটি গঠন করে, ক্ষমতা তুলে দেওয়া অথোরিটির হাতে। হামাসের প্রভাব খর্ব করতেই অথোরিটির হাতে ক্ষমতা দিতে চায় আমেরিকা। তাহলে ইজরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের দ্বন্দ্ব কিছুটা হলেও ধামাচাপা দেওয়া সম্ভব হবে, যুদ্ধবিরতি সফল করা সম্ভব হবে। এ নিয়ে প্যালেস্তাইনের উপর নিয়মিত চাপ বাড়াচ্ছে আমেরিকা। এরকম পরিস্থিতিতেই পদত্যাগ করলেন প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী।