Kalyan-Naushad : ‘আইএসএফ মুছে যাবে’, ভবিষ্যদ্বাণী কল্যাণের, পাল্টা নওশাদ বললেন ‘তৃণমূল হারলে কল্যাণ পালাবে’ – Bengali News | Kalyan banerjee attacks naushad siddique on tmc isf conflict issue
একে অপরকে আক্রমণ কল্যাণ-নওশাদেরImage Credit: Tv9 Bangla
হুগলি :নির্বাচনের পর আইএসএফ দলটা আর থাকবে না। ভবিষ্যদ্বাণী করে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আইএসএফ সব জায়গায় দুর্নীতি করছে। তাই নির্বাচনের পর দলটা মুছে যাবে। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েননি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস হারলেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগে দল ছেড়ে পালাবে।
ভাঙড়ের তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে। শনিবারের ঘটনায় ওই তৃণমূল নেতা ছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। ঘটনার প্রসঙ্গে আইএসএফ-কে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন,”আইএসএফ তো গুন্ডামি ছাড়া কিছুই করতে জানে না। গুন্ডামি করে। কিন্তু পারে না। ফুরফুরা শরিফেও গুন্ডামি করার চেষ্টা করে। কিন্তু পারে না আমাদের জন্য। আইএসএফ-এর কাজটাই গুন্ডামি করা। কোনও কাজের না। আর এবার আইএসএফ মুছে যাবে।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করেছেন নওশাদ। শ্রীরামপুরের জন্য তিনি কী করেছেন, শ্রীরামপুরের মানুষের চাওয়া-পাওয়া নিয়ে তাঁর ভূমিকা কী, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। নওশাদ বলেন, “আমাদের ভাগ্য খারাপ এই ধরনের একটা এমপি আমরা বয়ে বেড়াচ্ছি। শ্রীরামপুরের মানুষকে বলব এই সাংসদের হাত থেকে যত তাড়াতাড়ি পারেন মুক্ত হন। লোকসভায় গিয়ে কি করে? শ্রীরামপুরের জন্য কটা দাবি তুলেছে? এই ফুরফুরা শরীফের রেল লাইনের জন্য কতবার কথা বলেছে? শ্রীরামপুরের মানুষের চাওয়া পাওয়া নিয়ে তাঁর ভূমিকা কী? রাজনৈতিক ভাবে যেদিন হারবে তৃণমূল কংগ্রেস, সেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগে দলটা ছেড়ে পালাবে। আইএসএফ হারুক আর জিতুক, আইএসএফ দল তৈরি হয়েছে মানুষের স্বার্থে। মানুষের জন্য থাকবে।”
প্রসঙ্গত, ভোট আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের খবর প্রকাশ্যে আসছে। শনিবারই ভাঙড়ের পোলেরহাট থানার দক্ষিণ গাজিপুর এলাকায় তৃণমূলের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, সাংগঠনিক কাজে তাঁরা ওই এলাকায় গিয়েছিলেন । সেখানেই বিদ্য়ুত বিচ্ছিন্ন করে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, রবিবার আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মিনাখাঁ। জানা গিয়েছে, মিনাখাঁর বাবুরহাট অঞ্চলে দলের পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। সেইসময়ই তৃণমূলের কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ। পাল্টা বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায় আইএসএফ। ঘটনায় আহত হয়েছেন ৭ জন আইএসএফ কর্মী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।