Sandeshkhali: সন্দেশখালিতে চলছে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র, এখনও কত নালিশ জমা পড়ল – Bengali News | Sandeshkhali Chaos Basirhat Police District is continuing camp for collecting allegations of villagers
পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্রImage Credit source: TV9 Bangla
সন্দেশখালি: সন্দেশখালির বুকে আমজনতার মনে আস্থা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ শুরু করেছে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগের কথা শোনার জন্য চালু করা হয়েছে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র। শনিবার থেকে শুরু হয়েছে এই অভিযোগ গ্রহণ কেন্দ্র। আজ (সোমবার) তৃতীয় দিন। এদিন এখনও পর্যন্ত সন্দেশখালিতে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র ৬১টি বিষয়ে অভিযোগ জমা পড়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে, বিভিন্ন বিষয়ে সেখানে অভিযোগ জমা পড়তে শুরু করেছে।
একনজরে দেখে নেওয়া যাক, প্রথম তিন দিনে কতগুলি অভিযোগ এল পুলিশের চালু করা এই অভিযোগ গ্রহণ কেন্দ্রে? শনিবার থেকে চালু হয়েছিল এই অভিযোগ গ্রহণ কেন্দ্র। প্রথম দিনেই পুলিশের কাছে জমা পড়েছিল ৭৩টি অভিযোগ। এরপর গতকাল, রবিবার (দ্বিতীয় দিনে) জমা পড়ে ৫৭টি অভিযোগ। আজ, তৃতীয় দিনে এখনও পর্যন্ত ৬১টি অভিযোগ জমা পড়েছে পুলিশের অভিযোগ জমা কেন্দ্রে।
উল্লেখ্য, পুলিশের এই অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে সন্দেশখালির বেড়মজুর এলাকার কাঠপোল বাজারে। সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতিতে, এলাকার সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ চালাচ্ছে পুলিশ। থানায় নয়, বরং মানুষের আরও কাছাকাছি পৌঁছে গিয়ে খোলা আকাশের নীচে অভিযোগ নিতে বসেছে পুলিশ। শনিবার থেকে শুরু হওয়া এই উদ্যোগে এখনও পর্যন্ত অনেকগুলিই অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। গত দু’দিনের মতো আজও অনেক মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে দ্বারস্থ হয়েছেন পুলিশের অভিযোগ জমা কেন্দ্রের। লাইন দিয়ে নিজেদের নালিশ পুলিশের কাছে জানিয়েছেন তাঁরা।