New Vande Bharat Express: হাফ দিনেই পৌঁছে যাবেন গোয়া! চালু হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস – Bengali News | Goa in Just 13 Hours, Bengaluru to Goa New Vande Bharat Express Train May Run Soon
বেঙ্গালুরু: নতুন বছরে রেলের আরও একটা নতুন উপহার। চালু হচ্ছে নতুন আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস। তাও আবার জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোয়া রুটে। এবার আর এক-দেড়দিন ধরে ট্রেনে সফর করতে হবে না। মাত্র ১৩ ঘণ্টাতেই পৌঁছে যাবেন গোয়ায়।
বেঙ্গালুরু থেকে গোয়া যাওয়া আরও সহজ হল। সূত্রের খবর, নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস এই রুটে চালু হতে চলেছে। সেমি হাই স্পিড ট্রেনে মাত্র ১৩ ঘণ্টাতেই বেঙ্গালুরু থেকে গোয়া পৌঁছে যেতে পারবেন। ইতিমধ্যেই সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে এই ট্রেনের প্রস্তাবনা রেলওয়ে বোর্ডের কাছে জমা দিয়েছে। এই প্রস্তাব গৃহীত হলে, শীঘ্রই রেলের তরফে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ঘোষণা করা হবে।
শোনা যাচ্ছে, প্রস্তাব গৃহীত হলে ম্যাঙ্গালুরু রেলওয়ে রিজিয়নে এই ট্রেন চলবে। বেঙ্গালুরুর যশবন্তপুর থেকে গোয়ার মাডগাঁও পর্যন্ত চলবে এই ট্রেন। ভোর ৬টা ৫ মিনিটে এই ট্রেন যশবন্তপুর থেকে ছাড়বে, তা গোয়ার মাডগাঁওতে পৌঁছবে ওই দিনই সন্ধে ৭টা ১৫ মিনিটে পৌঁছে যাবে। উল্টোদিকে মাডগাঁওতে ভোর সাড়ে ৫টা নাগাদ ছাড়বে, যশবন্তপুরে পৌঁছবে সন্ধে ৬টা ৪০ মিনিটে।
চিক্কা বানওয়ারা থেকে হাসানের মাঝে বন্দে ভারত এক্সপ্রেসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার থেকে বাড়িয়ে ঘণ্টায় ১৩০ কিলোমিটার করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতিই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা আরও বাড়ানোর কথা বলেছিলেন। তারপরই রেলমন্ত্রক আনুষ্ঠানিক প্রস্তাব চায়। ২০ দিন আগে রেলওয়ে বোর্ডের কাছে সেই প্রস্তাব জমা পড়েছে। বর্তমানে এই রুটটি নিয়ে আলোচনা চলছে।