India vs Namibia : নয়াদিল্লিতে নামিবিয়া বধ, ঐতিহাসিক জয় ভারতের! – Bengali News | India beats Namibia by 93 runs and made a record for their team
কলকাতা : প্রথমে আমেরিকা, এবার নামিবিয়া – পরপর দুই ম্যাচে দুই তুলনামূলক সহজ প্রতিপক্ষকে দুরমুশ করে রবিবারের মহারণের প্রস্তুতি সেরে ফেলল ভারত। নামিবিয়ার বিরুদ্ধে ৯৩ রানে জয় সূর্য ব্রিগেডের। এই জয়ের ফলে ভারত পয়েন্ট টেবলে প্রথম স্থানে চলে এল। নামিবিয়ার বিরুদ্ধে জয়ই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি ব্যবধানে জয়।
বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। পেটের সমস্যার জন্য অভিষেক শর্মা আজ দলে ছিলেন না। তাঁর বদলে ঈশান কিষানের সঙ্গে ওপেন করলেন সঞ্জু স্যামসন। দলে ফিরলেও রান যেন ফিরছে না সঞ্জুর ব্যাটে। আজ করলেন ৮ বলে মাত্র ২২ রান। ভাল শুরু করেও শিকঙ্গোর বলে ক্যাচ আউট হয়ে যান সঞ্জু। ভারতের মিডল অর্ডার আমেরিকা ম্যাচের পর আজকেও চলল না। তিলক ভার্মা থেকে শিবম দুবে, ৩০ রানের গণ্ডি কেউই টপকাতে পারেন নি। আগের ম্যাচের প্লেয়ার অফ দা ম্যাচ অধিনায়ক সূর্যকুমার আজ রান পান নি। তিনি খেলেছেন ১৩ বলে ১২ রানের ইনিংস। বড় রান পেলেন ওপেনার ঈশান কিষান এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মাত্র ২৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন ঈশান। অন্যদিকে, ২২ বলে ৫২ রানের ঝোড়ো হাফসেঞ্চুরি করেছেন হার্দিক। শুরু ভাল হলেও ভারতীয় ইনিংসের শেষটা বড্ড গোলমেলে। মাত্র ১১ রানে শেষ ৫ উইকেট পড়েছে গম্ভীরের ছাত্রদের। নির্ধারিত ২০ ওভার শেষে ভারত ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তুলতে সক্ষম হয়েছে। নামিবিয়া অধিনায়ক জেরহার্ড এরাসমাস পেয়েছেন ৪ উইকেট। অল আউট হয়ে গেলে পাক ম্যাচের আগে চাপ বাড়ত গম্ভীরের মাথায়।
ব্যাটে নেমে শুরু থেকে চেষ্টা করছিলেন লরেন স্টিনক্যাম্প এবং জান ফ্রাইলিঙ্ক। পাওয়ার প্লেতেই ৫৭ রান তুলে ফেলেছিল নামিবিয়া। এরপরেই শুরু বরুণ ম্যাজিক। প্রথম ওভারেই স্টিনক্যাম্পকে ফেরান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার। তাঁর অবদান ২৯ রান। নিজের দ্বিতীয় ওভারে লফটি-ইটন এবং জেড স্মিটকেও আউট করেন এই মিস্ট্রি স্পিনার। দলের অধিনায়ক জেরহার্ড এরাসমাসকে ১৮ রানের মাথায় আউট করেন অক্ষর পটেল। মাত্র 2 রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চূড়ান্ত চাপে পড়ে যায় নামিবিয়া। নিজের এক ওভারে পরপর ২ বলে ২ উইকেট নিয়ে নামিবিয়াকে আইসিইউ-তে ঢোকানোর কাজ করে দেন হার্দিক পান্ডিয়া। ম্যাচের সেরা তিনিই। এক ওভারে ২টি নো বল করেও একটি উইকেট পেয়েছেন শিবম দুবে। জেন গ্রিন তাঁর বলে হিট উইকেটে আউট হওয়ার ফলে মাত্র ১১৬ রানেই শেষ নামিবিয়ার ইনিংস। ৯৩ রানে জিতে সুপার এইটের আরও কাছে ভারত।
আগামীকালই হয়ত শ্রীলঙ্কা রওনা হবে ভারতীয় দল। রবিবার কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে মহাযুদ্ধে নামবেন সূর্যরা। অনেক টালবাহানার পর অবশেষে ভারত ম্যাচে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। তারাও এই মুহূর্তে গ্ৰুপের দ্বিতীয় পজিশনে। রবিবার পাক বধ করতে পারলেই সুপার এইটের রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে গুরু গম্ভীরের দলের কাছে। তার আগে নামিবিয়াকে হারিয়ে পাক ম্যাচের প্রস্তুতি নিয়ে রাখলেন ঈশানরা।