SIR: অভিভাবক ক্লাস রুমের দরজা খুলে দেখেন শিক্ষক গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন! ফের BLO-র আত্মহত্যার চেষ্টা – Bengali News | BLO attempts suicide over alleged excessive workload
উত্তর ২৪ পরগনা: স্কুলের অফিস ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা প্রাথমিক স্কুলের শিক্ষক বিএলও-র। পরিবারের দাবি, কাজের চাপেই আত্মহত্য়ার চেষ্টা। গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি বনগাঁ মহাকুমা হাসপাতালে । উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের পাথুরিয়া ৩০ নাম্বার পার্টের বি এল ও হিসাবে নিযুক্ত রয়েছেন পাথুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরজিৎ হালদার । বাড়ি বাগদার পারমাদন এলাকায়।
সোমবার সকালে টিউশন পড়িয়ে স্কুলে যান সরজিৎ। সওয়া দশটা নাগাদ একজন অভিবাবক চতুর্থ শ্রেণি পাস সার্টিফিকেট নিতে এসে অফিস রুমের দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন সরজিৎ । প্রতিবেশীরা পরিবারকে খবর দিয়ে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায় সরজিতকে । স্কুলের মধ্যে শিক্ষকের আত্মহত্যার চেষ্টা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
পরিবারের দাবি, এসআইআর নিয়ে চাপের কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন সরজিৎ । পরিবারের এক আত্মীয় বলেন. “বাড়িতে মাঝেমধ্যেই বলতেন, আমার কিছু হয়ে গেলে ছেলেটাকে দেখো।”
বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউটন বালা জানিয়েছেন, এসআইআর-এর চাপ সইতে না পেরেই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে । আগেও সরজিৎ এসআইআর-এর চাপের কথা জানিয়েছিলেন । নির্বাচন কমিশনের কারণেই আত্মহত্যার চেষ্টা করেছেন সরজিৎ । যদিও বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ দাবি করেন, “পারিবারিক অশান্তি এবং আর্থিক দেনার চাপেই আত্মহত্যার চেষ্টা করেছেন।”