Siliguri: অ্যাম্বুলেন্স-ডাক্তার না মেলার অভিযোগ, প্রশিক্ষণ নিতে এসে মৃত্যু সিভিক ভলান্টিয়রের – Bengali News | Civic volunteer dies at police barracks while undergoing training Siliguri Darjeeling
সিভিক ভলান্টিয়ারের মৃত্যুImage Credit: Tv9 Bangla
শিলিগুড়ি: প্রশিক্ষণ নিতে এসে পুলিশের ব্যারাকে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের। অভিযোগ, মেলেনি কোনও চিকিৎসক,অ্যাম্বুলেন্স। যার জেরে চলে গেল প্রাণ। সকালে দেহ আটকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ বিভিন্ন জেলার সিভিক ভলান্টিয়রদের।
বিভিন্ন জেলা থেকে শিলিগুড়িতে ১২ নম্বর ব্যাটেলিয়ানে প্রশিক্ষণ নিতে এসেছিলেন সিভিক ভলান্টিয়ররা। কোচবিহারের মাথাভাঙা থানার সিভিক ভলান্টিয়র পঙ্কজ বর্মণ ছিলেন ওই দলে। রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ। এরপর ভোরে সহকর্মীরা দেখতে পান। সঙ্গে সঙ্গে চিকিৎসক,অ্যাম্বুলেন্সের খোঁজ চাইলেও তা মেলেনি। ব্যারাকে বহু গাড়ি এবং খুব কাছেই একাধিক নার্সিংহোম থাকলেও পঙ্কজকে নিয়ে যাওয়া হয়নি। এরপর ওই পুলিশ ব্যারাকেই মৃত্যু হয় পঙ্কজের। দেহ আটকে দফায় দফায় বিক্ষোভ দেখান সহকর্মীরা।
এ দিকে, পঙ্কজের মৃত্যুর খবর পেয়ে শিলিগুড়িতে এসে পৌঁছয় তার পরিবার। তাঁরাও অভিযোগ করেন চিকিৎসক,অ্যাম্বুলেন্স চেয়েও মেলেনি। মৃতের জামাইবাবু বলেন, “পাশেই নার্সিংহোম। কিন্তু ওকে নিয়ে আসা হল না। কোনও ডাক্তার আসেনি। ওর পরিবারে ছোট একটা ভাই আছে। মা-বাবা নেই। এখন কীভাবে চলবে জানি না।” অপরদিকে, মৃতের খুড়তুতো ভাই বলেন, “আমরা জানতে পেরেছি অ্যাম্বুলেন্স অনেক পরে এসেছে। ওইখানকার লোকজন সব চেষ্টা করেছে ওঁকে বাঁচানোর। পুলিশের গাফিলতি তো রয়েছেই।”