Arambagh: ২৫ কোটির বরাদ্দ সত্ত্বেও শেষ হল না মাত্র দেড় কিমি রাস্তার কাজ, খোঁজ মিলছে না ঠিকাদারের – Bengali News | Work on a mere 1.5 km of road has stalled and remains unfinished, and the contractor is nowhere to be found
চাপানউতোর রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla
আরামবাগ: বরাদ্দ প্রায় ২৫ কোটি টাকা, অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শেষ হল না মাত্র দেড় কিলোমিটার রাস্তার কাজ। উল্টে কাজ অসমাপ্ত রেখেই এলাকা ছেড়েছে ঠিকাদার সংস্থা। আরামবাগ শহরের বুকে বাসুদেবপুর মোড় থেকে গৌরহাটী মোড় পর্যন্ত রাজ্য সড়কের এই বেহাল দশায় নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা। ধুলোর দাপটে দিশেহারা স্থানীয় ব্যবসায়ীরাও। আরামবাগের সাংসদ মিতালি বাগ নবান্ন থেকে এই রাস্তা সংস্কারের জন্য বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করালেও, বর্তমানে সেই টাকা কোথায় গেল, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
রাস্তার কাজ বন্ধ হওয়ায় বেশ কয়েকদিন ধরেই এলাকায় ক্রমশই জনরোষ দানা বাঁধছিল। সোমবার আরামবাগে পিডব্লিউডি (PWD) অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থিত ব্যবসায়ীরা। এদিন পিডব্লিউডি-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সামনে ওঠে স্লোগান ওঠে।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত পাঁচ বছর ধরে এই রাস্তার দশা অত্যন্ত খারাপ। মাঝেমধ্যে কাজ শুরু হলেও তার গতি অত্যন্ত মন্থর। সম্প্রতি কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এবং ঠিকাদারের হদিশ না মেলায় ক্ষোভে ফুঁসছেন তৃণমূল কর্মী তথা এলাকার ব্যবসায়ী সৈয়দ সানি, শেখ হেফাদত হোসেনরা।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ফের দুর্নীতির অভিযোগ তুলে তোপ দাগছে তৃণমূলেল বিরুদ্ধে। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরার অভিযোগ, তৃণমূল নেতাদের একাংশের ‘কাটমানি’ খাওয়ার জেরেই বরাদ্দ টাকা শেষ হয়ে গিয়েছে, আর সেই কারণেই ঠিকাদার কাজ ফেলে পালিয়েছেন। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। চাপানউতোর চলছেই।