Malda: ‘২-৩ মরার হাত থেকে বেঁচেছে, শরীর থেকে খুলে গিয়েছে জামা’, শুনানি কেন্দ্রে ভয়ঙ্কর কাণ্ড – Bengali News | Malda : Trinamool Congress clashes amid SIR hearing
মালদহে বিশৃঙ্খল পরিস্থিতিImage Credit: TV9 Bangla
মালদহ: এসআইআই-এর শুনানি ঘিরে ইংরেজবাজারে তুলকালাম পরিস্থিতি। শুনানি কেন্দ্রে ঢোকা নিয়ে কংগ্রেস তৃণমূল মারামারি। কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কিন্তু শুনানি কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকার কথা, কিন্তু ইংরেজবাজারের এই শুনানি কেন্দ্রে পুলিশ নজরই পড়েনি। শুনানি কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জোর করে গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা চলছে।
কে আগে ঢুকবে তা নিয়ে তৃণমূল আর কংগ্রেস সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে ধরে প্রকাশ্যে অকথ্য মার হয় বলে অভিযোগ। তাঁর জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়। শুনানি কেন্দ্রে আসা এক ভোটার বলেন, “আসলে এখানে কোনও সিস্টেমই ফলো করা হচ্ছে না। ২-৩ জন মরার হাত থেকে বেঁচেছেন। একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আরেক মহিলা অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে জল দেওয়া হচ্ছে।” পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ভোটাররা। পুলিশের সামনেই দু’পক্ষকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
অভিযোগ, সঠিক ভাবে লাইনের কোনও ব্যবস্থা করা হয়নি। যে যাঁর মতো দাঁড়িয়ে গিয়েছিলেন। এই ভাবেই হুড়োহুড়ি করতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও এই গোটা বিশৃঙ্খল পরিস্থিতির নেপথ্যেও রাজনৈতিক কারণকে দায়ী করলেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “কংগ্রেস কোথায় ছিল এতদিন। সেখানে তো বিজেপির এমএলএ। কংগ্রেস বিজেপির দালাল করছে।”