Ram Temple: বকেয়া ৩০০ কোটি টাকা, রামমন্দির নিয়ে বড় ঘোষণা কমিটির – Bengali News | Ram Mandir Construction End by April 30, Estimated Cost 1900 Crore
অযোধ্যা: রামমন্দির নিয়ে বড় ঘোষণা করে দিলেন রামমন্দির নির্মাণকারী কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। আগামী ৩০ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে রামমন্দির নির্মাণের কাজ, যার দরুন মোট খরচের পরিমাণ দাঁড়াল ১৯০০ কোটি টাকা। হাজার কোটির অধিক ব্যয় করে দেশের বুকে তৈরি হল সবচেয়ে ঐতিহ্যবাহী মন্দির।
রামমন্দির নির্মাণ কমিটির দু’দিনের বৈঠক সম্পন্ন হতেই একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। শনিবার সেই বৈঠক থেকে নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, “লারসেন অ্যান্ড টুব্রো বা এল অ্যান্ড টি এবং টাটা কনসালটেন্সি, এই মন্দির নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে মন্দির নির্মাণ সম্পন্ন হয়ে গেলে, তাঁরাও এই চত্বর ছেড়ে দেবেন।”
ওই একই দিনে মন্দিরের সমস্ত কাগজপত্র এবং বিল পরিশোধের প্রক্রিয়াও সম্পন্ন হবে বলে জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান। তবে ৩০ এপ্রিল মন্দির সম্পন্ন হওয়ার পরেও এল অ্যান্ড টি-র একটি দল সেখানেই মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রামমন্দিরে তাঁদের তৈরি প্রতিটি ভাস্কর্য থেকে ভবনের জন্য় তিন বছরের ওয়ারেন্টি দিয়েছে তাঁরা। তাই সেই সূত্র ধরেই নির্মাণের পর কোনও সমস্যা যাতে না হয়, তা নিশ্চিত করতে এবং রক্ষণাবেক্ষণের কাজে একটি দলকে রামমন্দিরেই মোতায়েন করে রাখবে সংশ্লিষ্ট সংস্থা।
এদিনের সাংবাদিক বৈঠক থেকে রামমন্দির তৈরির জন্য খরচ হওয়া অর্থের খতিয়ান তুলে ধরেন নৃপেন্দ্র মিশ্র। তিনি জানান, “মন্দির নির্মাণে এখনও পর্যন্ত আনুমানিক খরচ ১৯০০ কোটি টাকা। যার মধ্যে জিএসটি বাবদ ১৬০০ কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে। নির্মাণকাজের সঙ্গে যুক্ত কমিটি আলোচনার মাধ্যমে বাকি টাকাও প্রদান করে দেবে।”