‘যে বাঙালিরা সাপোর্ট করোনি, তাদেরকে…’, কেরালাকে হারিয়ে চাঁচাছোলা সৌরভ – Bengali News | Saurav das gave a befitting reply who did not support bengali tigers in ccl
টলিউডের অন্দরে চলছিল চাপা উত্তেজনা। সৌরভ দাস থেকে শুরু করে বনি সেনগুপ্তরা ছিলেন নতুন উচ্ছ্বাসে। দুবাইয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে ‘বেঙ্গল টাইগার্স’-এর হয়ে অংশ নিতে কিছু দিন আগেই তাঁরা উড়ে গিয়েছিলেন দুবাই। প্রথম ম্যাচেই কেরালা স্ট্রাইকারসকে হারিয়ে জয় ছিনিয়ে নিতেই এতদিন ধরে চলে আসা যাবতীয় কটাক্ষের জবাব দিলেন সৌরভ। মিষ্টি কথায় ট্রোলার দিলেন উত্তর।
বেঙ্গল টাইগার্সের অধিনায়ক যিশু সেনগুপ্ত। দুবাইয়ের শারজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। বনি ও জ্যামির দারুণ ব্যাটিং আর সৌরভের অনবদ্য ক্যাচেই ঘুরে যায় খেলা। জয়ী হন তাঁরা। আর জয়লাভ করার পরেই আর চুপ থাকেননি সৌরভ। মুখের উপর জবাব দিয়েছেন তিনি। সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে কম কটাক্ষ হয়নি। অতীতে নানা সময়ে হারের কারণে নিজের রাজ্য থেকেই তিরস্কার জুটেছিল তাঁদের। সেই রেশ টেনে এনেই স্ত্রী দর্শনাকে পাশে নিয়ে সৌরভ বলেন, “প্রথম ম্যাচ জিতে গিয়েছি। যে বাঙালিরা প্রচন্ড সাপোর্ট করেছ তাদের ধন্যবাদ। আর যে বাঙালি সাপোর্ট করেছ হবে না হবে না বলে, তাদেরকেও থ্যাঙ্ক ইউ। এটা তোমাদের জন্য।”
সৌরভকে সঙ্গ দিয়েছেন দর্শনাও। পাশে দাঁড়াতে তিনিও যে এই মুহূর্তে দুবাইয়ে। তবে শুধু তিনিই নন, বনি সেনগুপ্তের পাশে দাঁড়াতে হাজির হয়েছেন কৌশানী মুখোপাধ্যায়, রাহুল মজুমদারের পাশে দাঁড়াতে সঙ্গে গিয়েছেন স্ত্রী প্রীতি বিশ্বাসও। সবে শুরু, বাকি অনেকগুলো ম্যাচ! শেষটা ভাল কতটা হয়, এখন সেটাই দেখার।