Nabanna: কমিশনের নির্দেশ, ঘরোয়া এলাকায় দীর্ঘদিন ধরে থাকা পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশ নবান্নের – Bengali News | Commission orders transfer of police officers who have been in domestic areas for a long time, Nabanna orders
কলকাতা: জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পুলিশ আধিকারিকদের বদলির সিদ্ধান্ত নবান্নের। তিন বছর বা তার অধিক সময় ধরে পদে রয়েছেন। সেই সমস্ত পুলিশ আধিকারিকদের সরাতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য। এই নির্দেশিকা তাঁদের জন্য, যাঁরা হোম ডিস্ট্রিক্ট বা একই পদে রয়েছেন, তাঁদের জন্য প্রযোজ্য হবে। ইতিমধ্যে এই নির্দেশিকা সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দিয়ে দেওয়া হল। নির্বাচন কমিশনের ২০২৩ সালের ২১ ডিসেম্বর এবং ২০০৮ সালের ২৩ ডিসেম্বরের নির্দেশিকা অনুসারে, নির্দিষ্ট মানদণ্ডে পড়া সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের বদলি করতে হবে।
দক্ষিণবঙ্গের ADG ও IGP নিজের দায়িত্বের পাশাপাশি বিধাননগর, ব্যারাকপুর ও হাওড়া পুলিশ কমিশনারেটের বিষয়টি দেখবেন।
ওয়েস্টার্ন জোনের ADG ও IGP নিজের এলাকা ছাড়াও আসানসোল-দুর্গাপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেটের দায়িত্বে থাকবেন।
উত্তরবঙ্গ অঞ্চলের IGP নিজের এলাকার পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিষয়টি দেখবেন।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশাবলি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কোনও ধরনের ব্যাখ্যা বা স্পষ্টতার প্রয়োজন হলে, দেরি না করে ADG ও IGP (লিগ্যাল), পশ্চিমবঙ্গ অথবা ADG ও IGP (ল অ্যান্ড অর্ডার)-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
সব বদলির নির্দেশ জারি হওয়ার পর ২৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে গৃহীত পদক্ষেপের রিপোর্ট পুলিশ ডিরেক্টরেট এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।
ছাব্বিশের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তার মধ্যে বঙ্গে এসআইআর প্রায় শেষ লগ্নে। এরই মধ্যে কমিশনের নির্দেশ মেনে পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশ দিল নবান্ন।