Malda: ফের নাবালিকা খুন মালদহে! ইটভাটা থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ধর্ষণের সন্দেহ – Bengali News | Again minors killed in Malda, Bloody body recovered, Police started investigation
মালদহ: একের পর এক অপরাধ। চিন্তা বাড়ছে পুলিশ-প্রশাসনের। কিন্তু, তবুও ঠেকানো যাচ্ছেন একেরপর এক হত্যাকাণ্ড। সিংহভাগ ক্ষেত্রেই টার্গেট মহিলারা। বিগত কয়েক মাসে মালদহের এই রক্তাক্ত ছবিই সামনে এসেছে। এদিনও বৈষ্ণবনগর থানা এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। পরিবারের সন্দেহ, যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে ওই মহিলাকে। এরইমধ্যে এদিন সন্ধ্যায় পুরাতন মালদহ ব্লকের ভাবুক অঞ্চলের বিষনপুর এলাকায় পরিত্যক্ত ইটভাটা থেকে নবম শ্রেণীর স্কুল ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল।
এদিন সন্ধ্যা সাতটা নাগাদ কয়েকজন গ্রামবাসী ওই নাবালিকাকে দেখতে পান। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মালদহ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা মালদহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনাতেও উঠে আসযে যৌন নির্যাতনের কথা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ধর্ষণের পরেই ইট দিয়ে থেঁতলে মেরে ফেলা হয়েছে মেয়েটিকে। মাথায় ইটের আঘাতের ছাপ স্পষ্ট।
এই খবরটিও পড়ুন
মৃতার পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের একটি অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। কিন্তু, তারপর আর ফিরে আসেনি। এদিকে ওদিক খোঁজ করেও কোনও লাভ হয়নি। এরইমধ্যে খবর আসে পাশেই একটি পরিত্যক্ত ইট ভাটায় মেয়েটির দেহ পড়ে রয়েছে। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি উঠেছে এলাকায়। শোকের ছায়া মৃতার পরিবারে। পরিবারের সদস্যরাও চাইছেন যে বা যাঁরা এই কাণ্ড করেছেন তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে মালদহ থানার পুলিশ।