Sandeshkhali: সন্দেশখালিতে আটক সুকান্ত, সুপার অ্যাকশন মোডে নৌকায় তুলল পুলিশ – Bengali News | Sandeshkhali Chaos Sukanta Majumdar demanding arrest of Sheikh Sahajahan tussle with Police Personnel
সন্দেশখালিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সুকান্তরImage Credit source: TV9 Bangla
সন্দেশখালি: শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতারির দাবিতে সন্দেশখালি থানার বাইরে অবস্থানে বসে পড়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের তরফে একাধিকবার হুঁশিয়ারি দেওয়া হয় সুকান্তদের। বলা হয়, এভাবে অবস্থান চালানো যাবে না। প্রয়োজনে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়। আর এরপরই থানার ভিতর থেকে বিশাল পুলিশবাহিনী বাইরে বেরিয়ে আসে। আটক করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সুকান্ত-সহ অন্যান্য বিজেপি কর্মী-সমর্থকদের থানার সামনে থেকে কার্যত ঠেলে ধামাখালি ঘাটের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় সুকান্ত সংবাদমাধ্যমের উদ্দেশে বলতে থাকেন, ‘দেখুন কীভাবে পুলিশ আমাকে ধাক্কা দিয়ে, টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কীভাবে আমাকে গ্রেফতার করছে দেখুন।’ এসবের মধ্যে সুকান্ত মজুমদারকে টোটোয় তুলে ধামাখালি ঘাটের দিকে নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স ও র্যাফ।