MD Salim on Messi Event: ‘যুবভারতী তিল-তিল করে আমরা গড়ে তুলেছিলাম, সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে’ – Bengali News | MD Salim attack west bengal goverment and regarding messi event in kolkata Vivekananda Yuva Bharati Krirangan
জাঙ্গিপাড়া: যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ ফ্যানেদের একাংশ। আর তারপরই বিরোধীরা তোপ দেগে চলেছে রাজ্য সরকারকে। আসরে নেমেছে বাম-বিজেপি সকলে। এবার মুখ খুললেন সিপিএম-এর পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এ দিন, জাঙ্গিপাড়ার সভা থেকে সোজা-সাপ্টা মন্তব্য করলেন তিনি। প্রসঙ্গ তুললেন যুবভারতী তৈরি নিয়েও।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব ভারতীর ঘটনা প্রসঙ্গে সেলিম প্রশ্ন তোলেন,”এই কি বাংলা ছিল? এই কি ফুটবলের মাঠ? এর আগে মারাদোনা আসেননি? পেলে আসেননি? এখানে বড় বড় ম্যাচ-স্পোর্টস ইভেন্টে হয়নি ? সব কিছু দখল করবে তৃণমূল, আর সেটা টাকা রোজগারের জায়গা করবে।”
রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তীব্র আক্রমণ শানিয়ে সেলিম বলেন, “এখন অর্গানাইজারকে ধরে গ্রেফতার করছে। আসলে অরূপ বিশ্বাসকে গ্রেফতার করতে হবে। তাঁকে পদত্যাগ করতে হবে। তৃণমূলের নেতারা যারা ফুলে ফেঁপে উঠেছেন, তাঁরা মেসিকে ঘিরে রেখেছে, বাকিরা কোথায় যাবে?”
এ দিন, খেলা হবে স্লোগানকেও কটাক্ষ করে সিপিএম নেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে এই স্লোগানের আজকে প্রদর্শন হচ্ছে। এই স্টেডিয়াম আমার গড়ে তুলেছিলাম। তিল তিল করে গড়ে তোলা হয়েছিল সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে গণ উদ্যোগে। এখানে আমাদের রাজ্যের শিক্ষা যেমন ধ্বংস হয়েছে, তেমন স্বাস্থ্য ধ্বংস হয়েছে, সে রকম খেলাও ধ্বংস হয়েছে।” এ দিকে, এই ঘটনার পর যখন অরূপ বিশ্বাসকে গ্রেফতারের দাবি জানাচ্ছে সিপিএম, সেই সময় মুখ খুললেন রাজ্যের মন্ত্রী। তিনি বললেন, “সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। যতক্ষণ তদন্ত চলছে, ততক্ষণ কোনও মন্তব্য করব না।”