S Jaishankar: কলকাতায় এসে নাম না করেই ট্রাম্পকে খোঁচা জয়শঙ্করের - Bengali News | Jaishankar Warns of Rising Global Risk as Politics Overtakes Economics; Reaffirms India’s Push for Self Reliance - 24 Ghanta Bangla News
Home

S Jaishankar: কলকাতায় এসে নাম না করেই ট্রাম্পকে খোঁচা জয়শঙ্করের – Bengali News | Jaishankar Warns of Rising Global Risk as Politics Overtakes Economics; Reaffirms India’s Push for Self Reliance

Spread the love

কলকাতা: বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ আবহ। বদলে যাচ্ছে ‘জল-হাওয়া’। শনিবার কলকাতায় এসে নামজাদা শিক্ষাপ্রতিষ্ঠান IIM ক্যালকাটার মঞ্চ থেকে এই বার্তাই দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী। তাঁর কথায়, ‘বর্তমানের রাজনীতি ক্রমশ অর্থনীতিকে ছাপিয়ে যাচ্ছে।’

কোন সূত্র ধরে কলকাতায় জয়শঙ্কর?

এদিন IIM ক্যালকাটার তরফে দেশের বিদেশমন্ত্রীকে সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়েছে। সেই ডিগ্রি গ্রহণেই কলকাতায় এসেছিলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চ থেকেই বার্তা দিয়েছেন আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের। জয়শঙ্করের কথায়, ‘সাম্প্রতিক কালে আমেরিকা তাঁদের নীতিতে আমূল পরিবর্তন করেছে। বিভিন্ন দেশের সঙ্গে নানা লেনদেনের মাধ্যমে রাজনৈতিক এবং অর্থনৈতিক বদল ঘটাচ্ছে তাঁরা।’

এই আবহ ‘উদ্বেগজনক’ বলেই দাবি জয়শঙ্করের। তাঁর কথায়, ‘এই অনিশ্চিত বিশ্বে রাজনীতি ক্রমশ অর্থনীতিকে ছাপিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদেরও চাহিদা এবং তা সরবরাহের উৎসগুলিতেও একটু বদল আনতে হবে। সেগুলিতে আরও ভিন্নতা ও বৈচিত্র্য তৈরি করতে হবে।’ অগস্ট মাস থেকে ভারতের উপর নতুন শুল্কের বোঝা চাপিয়েছে ট্রাম্পের সরকার। প্রতি পণ্যে এখন ৫০ শতাংশ করে শুল্ক গুণতে হচ্ছে দেশের ব্যবসায়ীদের। যার জেরে মার খাচ্ছে অর্থনীতিও। আর এই আবহে জয়শঙ্করের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই দাবি একাংশের।

নিজের ভাষণ পর্বে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গেই আবদ্ধ থাকেননি জয়শঙ্কর। তুলেছেন বেজিংয়ের কথাও। বিদেশমন্ত্রীর কথায়, ‘ওরা দীর্ঘদিন ধরে নিজের নিয়মেই সবটা পরিচালনের চেষ্টা করে যায়। আর এখনও সেটাই করে চলেছে।’ তবে এই আন্তর্জাতিক নীতির মাঝেও ভারত যে বিকাশের পথে অনড়, সেই বার্তাও দিয়েছেন জয়শঙ্কর। তাঁর কথায়, ‘ভারতের মতো দেশকে সর্বদা শিল্পভিত্তিক উন্নয়নের দিকে জোর দেওয়া প্রয়োজন। তার জন্য দরকার উৎপাদন। তাই বলা যেতে পারে, সেমিকন্ডাক্টর থেকে বৈদ্যুতিক যানবাহন, এগুলিই এখন ভারতের উন্নয়নের চাবিকাঠি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *