Murshidabad: বাড়ির পাশে গোপনে মাটি চাপা দেওয়া হচ্ছিল গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, এটিএম! - Bengali News | A peon from Farakka was planting Ration and Aadhaar Card inside land - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: বাড়ির পাশে গোপনে মাটি চাপা দেওয়া হচ্ছিল গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, এটিএম! – Bengali News | A peon from Farakka was planting Ration and Aadhaar Card inside land

মুর্শিদাবাদ: পিওনের বাড়ির পাশে পড়ে আছে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, রেশন কার্ড, এটিএম কার্ড। একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র পড়ে রয়েছে সেখানে। সেই নথিপত্র মাটি চাপা দিচ্ছেন ওই পিওন। এমনই অভিযোগ সামনে এসেছে। ওই বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এসআইআর আবহে রীতিমতো প্রশ্ন উঠেছে ওই ঘটনাকে কেন্দ্র করে।

মুর্শিদাবাদের ফরাক্কা থানার অর্জুনপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো। অর্জুনপুর পঞ্চায়েত এলাকার ডাকঘরের ওই পিওনের নাম ষষ্ঠী হাজরা। শুধু গুরুত্বপূর্ণ নথিপত্রই নয়, পড়ে ছিল বেশ কিছু স্টিল ছবিও। বুধবার ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর খবর যায় পোস্ট অফিসে। এরপর ওই জায়গায় যান অর্জুনপুর ডাকঘরের পোস্টমাস্টার মধুমিতা দাস।

মধুমিতা দাস জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি নথিপত্র দেখতে পাননি। সবই মাটি চাপা দেওয়া হয়ে গিয়েছিল। তবে পিওন যা করেছেন, তা ভুল করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, নথিগুলি ডেলিভারি না করে কি এভাবে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছিল?

পোস্টমাস্টার বলেন, “আমি এই ব্যাপারে অবগত ছিলাম না। পরে জানতে পারি। তারপর যাই।” তিনি জানান, পিওনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এটা ষড়যন্ত্র করা হয়েছে তাঁর বিরুদ্ধে। পুরো বিষয়টা হেড অফিসে জানাবেন বলে উল্লেখ করেন পোস্টমাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *