কেন বাংলা ছবি দেখতে বারণ করলেন সুব্রত সেন? মুখ খুললেন পরিচালক – Bengali News | Why did Subrata Sen forbid the audience from watching bengali films
পরিচালক সুব্রত সেন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বাংলা ছবি দেখা বন্ধ করতে বলেছেন দর্শকদের। একটা ফেসবুক পোস্টে তিনি লেখেন, ”বিশ্বাস নাও করতে পারেন। কিন্তু টাকা খেয়ে বাংলা ছবিকে শেষ করে দেওয়ার প্রোসেস শুরু হয়ে গিয়েছে। টাকা খেয়ে বাংলাকেই শেষ করে দেওয়ার প্রোসেসের এটা একটা বাঙালিদেরই অংশ মাত্র। বাঙালিদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ, টাকা দিয়ে রিলিজ করা মাফিয়া বাংলা সিনেমার পাশে দাঁড়াবেন না। যেমন পুজোর রিলিজের বাংলা সিনেমার পাশে দাঁড়াননি। সব ক’টা ফ্লপ করেছে। বাংলা সিনেমা জাস্ট দেখবেন না…”
এই নিয়ে টলিপাড়ায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বেশ কিছু পরিচালক সুব্রতর বক্তব্যের প্রতিবাদ করেছেন। তবে তাঁরা পরিচালকের নাম করেননি সরাসরি। কেন এমন মন্তব্য করলেন সুব্রত? TV9 বাংলাকেই সুব্রত প্রথম জানালেন, তাঁর এমন ভাবনার কারণ। পরিচালক খোলসা করলেন, ”আমি যেটা বলতে চাইছি, সেটা হলো, বাংলা ছবির পাশে দাঁড়ানো বা সিনেমা দেখা যদি এত ঝামেলার মধ্যে হয়, তা হলে এগুলো দেখার তো কোনও মানে হয় না। একটা ছবি যদি রিলিজ না করে, তা হলে দর্শকই বা দেখবেন কী করে? এখন একটা ছবি রিলিজ না করলে, দর্শক যদি দেখতে না পান, তা হলে কেউ তো বলতে পারেন, আর একটা ছবি মুক্তি পেয়েছে, তিনি সেটাও দেখবেন না। এটা তাঁর গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে।”
সুব্রত যোগ করলেন, ”আমি এই কথাটা লিখেছি, জানি অনেকের অসুবিধা হয়েছে। অনেকে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন বিষয়টা নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি বললেই কি লোকে সেটা শুনবেন? আমি বললেও, মানুষ সেটা নাই শুনতে পারেন। তাই আমার বলা বা না বলায় তো আসলে কিছু যায় আসে না।”
সুব্রত সেন-কে নাম না করেই কিছু পরিচালক ‘প্রাক্তন’ তকমা দিয়ে দিয়েছেন, এমন চর্চা টলিপাড়ায়। এই প্রসঙ্গে সুব্রতর বক্তব্য, ”আমার বেশিরভাগ বন্ধু এখন অবসর নিয়ে ফেলেছেন। আমার ৬২ বছর বয়স। মানুষের একটা রিটায়ারমেন্ট এজ থাকা দরকার বলে মনে করি। আমি অবসরের বছর বেছে নিলে কারও কোনও সমস্যা থাকার কথা নয়। তাই আমাকে প্রাক্তন পরিচালক বললেও, আমার কোনও সমস্যা নেই।”