Bangladesh Shoot Order: দেখলেই গুলি চালানোর নির্দেশ! হাসিনার দোষ, ইউনূসের জমানাতে সাত খুন মাফ? – Bengali News | Bangladesh: Dhaka Police Commissioner Ordered to Shoot if Someone Torched Fire or Throw Cocktail bomb Today
ঢাকা: অগ্নিগর্ভ ঢাকা। উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে মামলার প্রথম রায়দান আজ। তার আগেই জ্বলছে ওপার বাংলা। আর এই প্রতিবাদের আগুন থামাতেই গুলি চালানোর নির্দেশ। এরপরই বাংলাদেশে জোর গুঞ্জন শুরু হয়েছে, হাসিনার পতন যে কারণে, সেই ভুলই ফের একবার করতে যাচ্ছে না তো ইউনূস সরকার?
মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ, সোমবার হাসিনা সহ তিনজনের সাজা ঘোষণা করা হবে। হাসিনার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। অভিযোগ, জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গোটা ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন বলেই দাবি করা হয়েছে। যদিও হাসিনা এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।
এর মধ্য়েই বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ বাংলাদেশ জুড়ে শাটডাউনের ডাক দিয়েছে। রবিবার ও সোমবার বাংলাদেশ জুড়ে এই শাটডাউন করবে আওয়ামী লিগ। দফায় দফায় বিক্ষোভ, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বোমা ছোড়া হয়েছে। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই বাংলাদেশের পুলিশের বড় সিদ্ধান্ত। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ককটেল বোমা ছুড়তে বা অগ্নিসংযোগ করতে দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মুহাম্মদ সাজ্জাত আলী।
আজ যদি কোনও সরকারি ব্যাঙ্ক, ভবনে আগুন দেওয়া হয় বা সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়, তাহলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। তিনি বলেছেন, “যাঁরা মানুষ এবং পুলিশ সদস্যদের উপর ককটেল হামলা এবং যানবাহনে আগুন দেবেন, আইনসম্মত ভাবেই তাঁদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা বলছেন, ৯৬ থেকে ১০৬ ধারায় আত্মরক্ষার্থে যদি কেউ গুলি চালান, তাহলে তা অপরাধ নয়। দণ্ডবিধির ৯৬ ধারার উল্লেখ করে বলা হয়েছে, “ব্যাক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনকিছুই অপরাধ নহে।”
তবে এই নির্দেশের পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে গত বছরের জুলাই আন্দোলনের পুনরাবৃত্তি এবারও হবে না তো? পুলিশ ক্ষমতার অপব্যবহার করে নির্বিচারে গুলি চালাবে না তো? তাছাড়া গুলি চালানোর নির্দেশের জন্যই যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে, সেখানে সেই মামলার রায়দানেই পুলিশ কীভাবে গুলি চালানোর নির্দেশ দিতে পারে?