India vs South Africa: হাউসফুল ইডেন দেখাল টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য – Bengali News | Eden Gardens become houseful on first day of test match between India and South Africa
হাউসফুল ইডেন দেখাল টেস্ট ক্রিকেটের মাহাত্ম্যImage Credit: নিজস্ব চিত্র
কলকাতা: দীর্ঘ ৬ বছর পর কলকাতায় টেস্ট (Test Cricket)। তাও আবার টেস্ট বিশ্বজয়ী দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে খেলছে শুভমন গিলের ভারত (India)। সূচি ঘোষণার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ দেখা গিয়েছিল। সিএবি টিকিটের ন্যুনতম দাম ৬০ টাকা করার পর তো চাহিদা আরও দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে প্রথম তিনদিনের টিকিট সোল্ড আউট। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হলও তাই।
টেস্ট ক্রিকেটের উন্মাদনা ভারতে যে এরকম হতে পারে, তা ইডেন না দেখলে বিশ্বাস করা যায় না। একেবারে হাউসফুল গ্যালারি বলা চলে। মধ্যাহ্নভোজনের পর তো গ্যালারির কোথাও সেভাবে ফাঁকা দেখাই গেল না। টেস্ট ক্রিকেটেও ইডেনের গ্যালারি যেন টি-টোয়েন্টির মেজাজ দেখাল। বুমরা, সিরিজ, কুলদীপদের জন্য দর্শকদের চিৎকার আর চেনা মেক্সিকান ওয়েভ।
ইডেন গার্ডেন্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন ক্রিকেট প্রেমীদের থিকথিকে ভিড়। (নিজস্ব চিত্র)
ইডেন জুড়ে এবারে নিরাপত্তা বেশ জোরদার করা হয়। রাজধানীতে বিস্ফোরণের জেরে আরও টাইট সিকিউরিটি শহরের একাধিক জায়গায়। টেস্টের প্রথম আধঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও দেখা গেল একাধিক গেটের বাইরে লম্বা লাইন। কড়া চেকিংয়ের পরই গ্যালারিতে ঢুকতে পারছেন দর্শকরা। গ্যালারিতেও দেখা গেল পুলিশের কড়া নজরদারি।