Supreme Court: '৩৩ শতাংশের কথা ভুলে যান...', মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের - Bengali News | Supreme Court Issues Notice on Plea Challenging 33% Women’s Quota Linked to Future Delimitation - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: ‘৩৩ শতাংশের কথা ভুলে যান…’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের – Bengali News | Supreme Court Issues Notice on Plea Challenging 33% Women’s Quota Linked to Future Delimitation

নয়াদিল্লি: লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের উদ্দেশে তৈরি মহিলা সংরক্ষণ বিল বা নারী শক্তি বন্দন অধিনিয়ম বাস্তবায়নে এখনও কেন এত দেরি হচ্ছে, কেন্দ্রের কাছে সেই নিয়েই জবাব চাইল দেশের শীর্ষ আদালত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই নিয়ে কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল দিল্লি হাইকোর্টও। এবার সেই একই প্রসঙ্গ ছুড়ে দিল সুপ্রিম কোর্টও।

২০২৩ সালে পাশ হয়েছিল এই মহিলা সংরক্ষণ বিল। সেই সময় লোকসভায় বিলটিকে সমর্থন করেছিল ৪৫৪ জন সাংসদ। রাজ্যসভাতেও প্রচুর সাংসদের সমর্থন পেয়েছিল এই বিলটি। তারপর রাষ্ট্রপতির কাছে অনুমোদন পেয়ে রাতারাতি পরিণত হয়েছিল আইনে। কিন্তু সেই নারী শক্তি বন্দন অধিনিয়ম এখনও কার্যকর হয়নি। লোকসভা এবং বিধানসভার আসন পুনবির্ন্য়াসের কারণে আইনের বাস্তবায়ন হওয়া সম্ভব হয়নি।

একটা আইন কার্যকর করতে কেন এত দেরি হচ্ছে? সম্প্রতি সেই যুক্তিতেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মধ্য প্রদেশের কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর। সোমবার ছিল তার শুনানি। একটি আইনকে দিনের পর দিন স্থগিত রাখা যায় না বলেও আবেদনপত্রে দাবি জানান তিনি। এদিন নেত্রীর আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চে।

শুনানি পর্বে মামলাকারী যুক্তি দেন, ‘এই সংরক্ষণের বাস্তবায়নের সঙ্গে ভবিষ্যতে হওয়া আদমসুমারি কিংবা আসন পুনর্বিন্যাসের কোনও সম্পর্ক নেই। কখন সেই সমীক্ষা শুরু হবে, কেন্দ্র তা উল্লেখ করেনি। জনগণনার দিনক্ষণ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।’ কিন্তু আইন কার্যকর করার ক্ষমতা কি সুপ্রিম কোর্টের রয়েছে? এদিন বিচারপতি নাগারত্ন বলেন, ‘আইন বাস্তবায়নের ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমরা কেন্দ্রের কাছে এই নিয়ে জবাব চাইতে পারি। জানতে পারি কেন এত দেরি হচ্ছে?’ এই শুনানির মাঝে দেশের মহিলাদের ‘বৃহৎতম সংখ্যালঘু’ বলেও উল্লেখ করে ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ‘দেশের মোট জনসংখ্য়ার ৪৮ শতাংশ মহিলা। কিন্তু তারপরে সংরক্ষণ ছাড়াই তাঁদেরকে জায়গা দেওয়া যায় না কেন? ৩৩ শতাংশের কথা ভুলে যান। সংসদে মহিলাদের প্রতিনিধিত্ব কমছে। ১০ শতাংশের নীচে নেমে এসেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *