Barasat: হোটেল বুক করে রাতযাপন, তারপর কাজ সেরে উধাও… হাতেনাতে ধরল পুলিশ – Bengali News | Bizzare thief caught by police who used to book hotels then do his work
বারাসত: হোটেল ভাড়া করে রাজকীয় জীবনযাপন!। তারপর এলাকায় রেইকি করে চলত লুঠ! লুঠের সোনা এমনভাবে বিক্রি করে দেওয়া হত, যাতে পুলিশ কিছু বুঝতেই না পারে। শেষ পর্যন্ত হাতেনাতে ধরা পড়ে গেল সব। দুজনকে গ্রেফতার করল পুলিশ।
গত ২২ অক্টোবর, কালী পূজার সময় সময় একটি চুরির ঘটনা ঘটে। বারাসত রামকৃষ্ণপুরে একটি বাড়িতে চুরির ঘটনার তদন্ত করতে নামে পুলিশ। সেই তদন্তে নেমেই সুব্রত চক্রবর্তী নামে এক ব্যক্তিকে চুঁচুড়া থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। তাদের কাছ থেকে ২৭ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।
তারপর পুলিশ জানতে পারে সুব্রতর বাড়ি বসিরহাট থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো সহ বিভিন্ন সময়ে যখন সংশ্লিষ্ট এলাকায় মানুষ ও প্রশাসন ব্যস্ত থাকে, সেই সময় এলাকার হোটেল ভাড়া করে ওই ব্যক্তি। তারপর অবস্থা বুঝে চুরি করে। এরপর সেই হোটেল ছেড়ে বেরিয়ে চলে যায় অন্যত্র। এভাবেই ছক কষে চুরি করত সুব্রত।
পুলিশ আরও জানত পেরেছে, চুরি করা সোনা একটি ফিন্যান্স সংস্থার ম্যানেজার রাজু মজুমদারের কাছে বিক্রি করে দিত সুব্রত। রাজু সেই সোনা কিনে গলিয়ে, অন্যত্র বিক্রি করে দিত। এইভাবে বেশ কিছু সোনা, দু’জনের মাধ্যমে হাত বদল হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করেই তথ্য জানায়।