Calcutta High Court: আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের সংখ্যালঘুদের আটক কেন, জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে – Bengali News | Why bangladeshi detained in west bengal, PIL filed at Calcutta High Court
কলকাতা হাইকোর্টImage Credit: নিজস্ব চিত্র
কলকাতা: আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ভারতের জেলে আটকে রাখা হচ্ছে। তাদের অবিলম্বে মুক্ত করা হোক। এমন দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তিন প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দু, জৈন, খ্রিস্টান ও মুসলিম বাদে অন্যান্য ধর্মের মানুষকে আটক করা যাবে না ভারতে। তারপরও বিভিন্ন রাজ্যে, বিশেষত বাংলায় বাংলাদেশি হিন্দুদের আটক করা হচ্ছে বলে অভিযোগ।
২০২৫-এর ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছিল, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত ওই দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সোমবার সেই বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে আর্জি জানানো হয়েছে যাতে জেলে বন্দি করে রাখা ওই বাংলাদেশি বা পাকিস্তানিদের অবিলম্বে ছেড়ে দেওয়া হয়।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানিয়ে মামলা দায়ের করার অনুমতি দেন। এরপর মামলা দায়ের করা হয়েছে। আগামী শুক্রবার ওই মামলার শুনানির কথা আছে। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, কেন্দ্রের ওই অর্ডার অনুযায়ী প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু, খ্রিস্টান, পার্শি, জৈন সম্প্রদায়ের মানুষদের কাছে কোনও কাগজ থাকুক না থাকুক, মেয়াদ ফুরনো ভিসা থাকুক, পাসপোর্ট থাকুক না থাকুক তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। বিশেষত অত্যাচারিত হিন্দুদের বাঁচানোর জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয় কেন্দ্রের তরফে। ‘ফরেনার্স অ্যাক্টে’ বা ‘পাসপোর্ট অ্যাক্টে’ কোনও মামলা করা যাবে না বলে জানানো হয়েছে। আইনজীবীর দাবি, এই বিজ্ঞপ্তি থাকা সত্ত্বেও অদ্ভুত যুক্তি খাড়া করে জেলে রাখা হচ্ছে।
পশ্চিমবঙ্গের ডিজি কারেকশনাল হোম, জাতীয় মাববাধিকার কমিশন, রাজ্যের আইন দফতর ও কেন্দ্রের আইন মন্ত্রককেও এই বিষয়ে চিঠি দিয়ে বিষয়টি বলা হয়েছিল। কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি তরুণজ্যোতি তিওয়ারির। সেই কারণেই এই মামলা করা হয়েছে।