Road Accident in Canning: উদ্ধারের সময়েও জ্ঞান ছিল, হাসপাতালে নিয়ে যেতে যেতেই চরম পরিণতি সিভিক ভলান্টিরের – Bengali News | Road Accident in Canning, Civic Volunteer Dies in Head on Collision with Bike
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
ক্যানিং: বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ চলে গেল সিভিক ভলান্টিয়রের। শনিবার রাতে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ধলীরবাটি মোড় এলাকায়। মৃত্যু হয়েছে তাজউদ্দিন লস্করের (৩৫)। সূত্রের খবর, শনিবার রাতে ক্যানিং থানার সিভিক ভলেন্টিয়ার তাজউদ্দিন বাইক করে ধলীরবাটি মোড় থেকে ক্যানিংয়ের দিকে আসছিল। রাস্তাতেই আচমকা বেপরোয়া গতিতে একটা বাইক এসে তাজউদ্দিনকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে এক্কেবারে ১০০ মিটার দূরে ছিটকে পড়েন ওই সিভিক ভলান্টিয়র।
ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। যদিও ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তাজউদ্দিনের পরিবারের লোকজন। ছুটে আসেন বন্ধুরাও। শোকের ছায়া পুলিশ মহলেও। এলাকায় সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল তাজউদ্দিনের। মৃত্যুর খবরে শোকের আবহ এলাকায়। প্রতিবেশীরা বলছেন, খুবই ভাল ছেলে ছিল। এই মৃত্যু কোনওভাবেই মানা যায় না। অন্যদিকে বিগত কয়েকদিন ধরে ক্যানিং মহকুমায় একের পর এক দুর্ঘটনায় ক্ষোভ বেড়েছে মানুষের মধ্যে। বেপরোয়া বাইকগুলির নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকার যুবক সুদীপ রায় বলছেন, “ওর পা পুরো ভেঙে গিয়েছিল। মুখ থেকেও রক্ত বের হচ্ছিল। আমরা যখন ওকে উদ্ধার করি তখনও ওর জ্ঞান ছিল। আমরা তিনজনে ওকে ধরাধরি করে টোটোতে করে হাসপাতালে নিয়ে আসি। আমাদের সঙ্গে অল্প কথাও বলেছিল। হাসপাতালে আনার পরেই সব শেষ।”