Heroin seized: বাইক থামিয়ে ২ যুবককে তল্লাশি, প্যাকেট খুলতেই চমকে উঠে পুলিশ – Bengali News | Heroin worth Rs 1 crore seized in Murshidabad
কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছেImage Credit: TV9 Bangla
মুর্শিদাবাদ: বাংলাদেশে পাচারের ছক ছিল। তার আগেই কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। ধৃতদের মধ্যে একজনের নাম মুখলেসুর রহমান। তাঁর বাড়ি লালগোলা থানার নলডহরি এলাকায়। অন্য ধৃতের নাম মহম্মদ কলিম উদ্দিন। তাঁর বাড়ি লালগোলা থানার নতুন গ্রামে। পুলিশ জানিয়েছে, পুলিশ আরও বেশি সক্রিয় হওয়ায় মুর্শিদাবাদে মাদক পাচারকারীরা ধরা পড়ছেন।
গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ মঙ্গলবার রাতে লালগোলার গোডাউন মোড় এলাকায় অভিযান চালায়। একটি মোটর বাইকে থাকা দু’জন যুবককে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালানো হয়। এরপরই একটি প্যাকেটে উদ্ধার হয় ১৩৫৫ গ্রাম হেরোইন। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য ১ কোটি টাকারও বেশি। বুধবার ধৃত দু’জনকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলে পুলিশ।
ধৃত দুই হেরোইন পাচারকারীর সঙ্গে আর কারা জড়িত, সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই হেরোইন বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। ভগবানগোলার এসডিপিও বিমান হালদার বলেন, “ধৃত ২ জন এই হেরোইন সঙ্গীদের দিতে যাচ্ছিল। সেখান থেকে হাত বদলে বাংলাদেশে চলে যেত এই মাদক।”
মুর্শিদাবাদে একের পর এক মাদক পাচারকারী ধরা পড়া নিয়ে তিনি বলেন, “পুলিশের সক্রিয়তা বেড়েছে। দেখতেই পাচ্ছেন, জেলায় আমরা প্রায় প্রতিদিন মাদক পাচারকারীদের ধরছি। এখন মাদক পাচারকারীরা চাপে রয়েছে।” তিনি আরও বলেন, “একদিনে পাচার নির্মূল করা সম্ভব নয়। তবে আগের থেকে মাদক পাচার কমছে।”