Donald Trump-Vladimir Putin: অনেকক্ষণ ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের, বুদাপেস্টের বৈঠকেই ইতি পড়বে ইউক্রেন যুদ্ধের? – Bengali News | US President Donald Trump & Russia President Vladimir Putin Talked for Long, Will Meet in Budapest to End Ukraine War
ওয়াশিংটন: ইজরায়েল-হামাসের যুদ্ধ থামিয়েছেন। এবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামিয়েই ছাড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই জন্যই কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। শীঘ্রই তাঁর সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে শীঘ্রই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে দেখা করবেন এবং ইউক্রেনের যুদ্ধ থামাতে কাজ করবেন। ট্রাম্প নিজেই জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। এই ফোনালাপকে তিনি অত্যন্ত ফলপ্রসূ বলেও উল্লেখ করেছেন।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাঁকে ও আমেরিকাকে অভিনন্দন জানিয়েছেন মধ্য প্রাচ্যে শান্তি ফেরানোর উদ্যোগে সফল হওয়ার জন্য। বহু দশক ধরে যে স্বপ্ন দেখা হয়েছিল, সেই স্বপ্ন পূরণ করেছেন ট্রাম্প। তিনি বলেন, “আমি মনে করি যে মধ্য প্রাচ্যের সাফল্য আমাদের রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে সন্ধিস্থাপনার আলোচনাতে সাহায্য করবে।”
মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মানবতা সংক্রান্ত কাজের প্রশংসাও করেছেন পুতিন, এমনটাই জানান ট্রাম্প। ইউক্রেনের যুদ্ধ শেষ হলে আমেরিকার সঙ্গে রাশিয়ার কী কী বাণিজ্য হবে, তা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বলে জানান।
ট্রাম্প জানান, আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি বৈঠক হবে, যা দুই রাষ্ট্রনেতার আলোচনার প্রাথমিক স্তর। এরপরে হাঙ্গেরির বুদাপেস্টে ট্রাম্প ও পুতিন মুখোমুখি হবেন।
ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, রাশিয়ার উদ্যোগেই এই ফোন করা হয়। ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন এও সতর্ক করেছেম যে ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দিলে, তা শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করবে।
প্রসঙ্গত, এর আগে আলাস্কায় মুখোমুখি বৈঠক করেছিলেন ট্রাম্প ও পুতিন। এবার বুদাপেস্টে বৈঠক হবে। এই সমস্ত জায়গাই বাছাই করা হচ্ছে এমনভাবে, যা দুই দেশ থেকেই সমান দূরত্বে অবস্থিত। অন্যদিকে আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি হোয়াইট হাউসে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে। মার্কিন সেনার সাহায্য থেকে বর্তমানে দুই দেশের মধ্যে চলা কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে।