Civic Vollentier Arrested: ‘পুলিশের গাড়িতে’ অপহরণ, ডোমকলের সিভিক ভলান্টিয়ার-সহ গ্রেফতার ৮ – Bengali News | Civic Volunteer Among Seven Arrested in Local Domkal Kidnapping Case
গ্রেফতার অভিযুক্তরাImage Credit: নিজস্ব চিত্র
মুর্শিদাবাদ: যে থানায় কর্মরত, সেই থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। বৃহস্পতিবার সকালে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোট আট জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। যাদের মধ্যে একজন আবার সিভিক ভলান্টিয়ার, আরেক জন প্রয়াত বিধায়ক ঘনিষ্ঠ।
ঘটনা মুর্শিদাবাদের ডোমকলের। লাল চাঁদ মণ্ডল নামে স্থানীয় এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোট আট অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে মোট সাত জনকে গ্রেফতার করে তাঁরা। পরবর্তীতে জেরায় উঠে আসে আরও এক অভিযুক্তের নাম। কিন্তু কেনই বা অপহরণ করা হল ওই মুদি ব্যবসায়ীকে? কী উদ্দেশ্য ছিল অভিযুক্তদের? ইতিমধ্য়েই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই ব্যক্তিকে অপহরণ করে তাঁরা।
এদিন এই ঘটনায় গ্রেফতার হওয়া প্রথম সাত অভিযুক্ত যথাক্রমে মমিনুল ইসলাম, সুমন মন্ডল, আজমির মন্ডল, ইমান উল কবির ,আনসারুল আনসারী, নয়ন শেখ ও হুমায়ুন কবীর ডোমকল এলাকারই বাসিন্দা। এঁদের মধ্যে হুমায়ুন কবীর ওই ডোমকল থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার। সকালে সাতজন গ্রেফতার হতেই শুরু হয় জেরা। বেলা গড়াতেই গ্রেফতার করা হয় আরও একজনকে। নাম মহম্মদ আলী মুবারক। ইনি আবার ডোমকলের প্রয়াত তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ। অভিযুক্তদের ছাড়াও এই ঘটনায় চারটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
অপহরণের ঘটনা সিভিক ভলান্টিয়ারের নাম জড়াতেই তৃণমূলের দিকে তোপ দেগেছে বিজেপি। ‘পুলিশের গাড়িতে’ এমন অপহরণ প্রথম দেখলাম বলেই দাবি তাঁদের। পাশাপাশি, রাজ্যের আইনশৃঙ্খলাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে তারা। অপরদিকে এই ঘটনায় অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বলেই আশ্বাস তৃণমূল শিবিরের। গোটা ঘটনায় প্রশাসন তৎপর ভাবে তদন্ত করছে বলেই জানান হাজিকুল ইসলাম ডোমকল ব্লক তৃণমূল সভাপতি।