Kavi Subhash: আবার কবি সুভাষ থেকে চলবে মেট্রো, কবে থেকে যাতায়াত শুরু? জানালেন কর্তৃপক্ষ - Bengali News | Metro will run from Kavi Subhash again, when will the service start? - 24 Ghanta Bangla News
Home

Kavi Subhash: আবার কবি সুভাষ থেকে চলবে মেট্রো, কবে থেকে যাতায়াত শুরু? জানালেন কর্তৃপক্ষ – Bengali News | Metro will run from Kavi Subhash again, when will the service start?

Spread the love

কবে খুলবে কবি সুভাষ মেট্রো-স্টেশন? Image Credit: Tv9 Bangla

কলকাতা: পিলারে ফাটল। আর তারপরই বন্ধ করে দেওয়া হয় কবি সুভাষ মেট্রো স্টেশন। সম্পূর্ণ রূপে পুরনো স্টেশন ভেঙে নতুন করে তৈরি করা হবে আস্ত স্টেশন। সেই মতো ই-টেন্ডার জারিও করেছিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। অবশেষে জানা গেল কতদিনের মধ্যে তৈরি হবে কবি সুভাষ। খোলাখুলি জানালেন মেট্রো কর্তৃপক্ষ।

জানা যাচ্ছে, আগামী ৬-৭ মাসের মধ্যেই উত্তর-দক্ষিণ করিডরের কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি করে ফেলা হবে। সাধারণ মানুষ আগামী বছরের মাঝামাঝি সময় থেকে ফের কবি সুভাষ মেট্রো স্টেশন ব্যবহার করতে পারবে। নির্দিষ্ট সময় উল্লেখ করে এমনই জানিয়ে দিলেন কলকাতা মেট্রো নয়া জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্রা। তিনি বলেন, “এটা অনেক পুরনো ভবন। আমরা চেষ্টা করছি সবটা দিক বিবেচনা করে কাজ করার। ২০২৬ এর মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

মেট্রো স্টেশনের পিলারের ফাটলের পর আদৌ কতদিনে কবি সুভাষ মেট্রো স্টেশন সাধারণ মানুষ পুনরায় ব্যবহার করতে পারবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। এমনকী যে সমীক্ষক সংস্থা এই কবি সুভাষ মেট্রো স্টেশনের কাঠামো এবং পুনরায় নির্মাণ নিয়ে সমীক্ষা করতে শুরু করেছিল, কত দিনের সেই রিপোর্ট আসবে সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল।

জেনারেল ম্যানেজার জানিয়ে দিলেন, রিপোর্ট জমা পড়েছে। আগামী সপ্তাহ থেকে জোরকদমে শুরু হতে চলেছে কাজ। এমনকী, শহিদ ক্ষুদিরামের স্টেশনের পর যে ক্রসওভার তৈরি করার কথা, তাও আগামী সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে বলে জেনারেল ম্যানেজার আশ্বস্ত করেছেন।

বস্তুত, চলতি বছরের ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল দেখা দেয়। ওই স্টেশন থেকে পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো। এরপর মেট্রো সিদ্ধান্ত নেয়, গোটা স্টেশন ভেঙে নতুন করে তৈরি করা হবে।যেখানে খরচ হবে ৯.৪২ কোটি টাকা। ২০১০ সালে নির্মিত হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন, যা ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের চূড়ান্ত স্টেশন। স্টেশনটিতে মোট ২১টি পিলার রয়েছে, যার মধ্যে চারটিতে বড় ধরনের ফাটল ধরা পড়ে। প্ল্যাটফর্মের একাংশও বসে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *