Calcutta High Court: NIA তদন্তের দাবি, খগেন-শঙ্করের উপর হামলার জল গড়াল হাইকোর্টে – Bengali News | Public interest litigation filed in calcutta high court seeking nia investigation on khagen murmu and sankar ghosh attack case
কলকাতা: উত্তরবঙ্গে গিয়ে হামলার শিকার হয়েছিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বেধড়ক মারধর করা হয় তাঁদের। গাড়ির কাচ ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় দুই বিজেপি জনপ্রতিনিধিকে। এই ঘটনায় বেশি আঘাত পান খগেন মুর্মু। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। এই নিয়ে এবার তৃণমূল-বিজেপির মধ্যে যখন বিতর্কের পারদ চড়ছে সেই সময় আবার এই ঘটনার জল গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। জনস্বার্থ মামলা দায়ের হল আদালতে।
আজ অর্থাৎ বৃহস্পতিবার জনস্বার্থ মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।এনআইএ তদন্তের আবেদন জানিয়ে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারী আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস মামলা দায়ের করেছে। এ দিকে, জনপ্রতিনিধিদের উপর হামলার এখনও পর্যন্ত রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন চারজন। ধৃতরা হলেন,গোবিন্দ শর্মা, একরামূল হক, সহিদুল হক, ফজলুল করিম। এদের মধ্যে দু’জনকে বুধবার ও দুজনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।
গত সপ্তাহে জলপাইগুড়ির নাগরাকাটায় যাচ্ছিলেন শঙ্কর ঘোষ ও খগেন মুর্মু। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিধায়ক ও সাংসদ গাড়িতে যাচ্ছিলেন দুর্গত এলাকা পরিদর্শনে।হঠাৎ দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এর খানিকবাদে শঙ্কর ঘোষ একটি ভিডিয়ো পোস্ট করে। যেখানে দেখা যাচ্ছে, খগেন মুর্মু রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছে। রক্তে তাঁর পাঞ্জাবী ভিজে যাচ্ছে। ভেঙে গিয়েছে পুরো কাচ। হামলার মুখে পড়ে যখন কোনও ক্রমে বেরিয়ে যাচ্ছিলেন সাংসদ ও বিধায়ক, ঠিক সেই সময় তাঁদের পিছন দিক থেকে দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ।
ইতিমধ্যেই খগেনকে হাসপাতালে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ পাওয়া আপডেট অনুযায়ী বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবারই উঠে বসেছেন তিনি। তবে চিকিৎসকরা এখনই কথা বলতে নিষেধ করেছে তাঁকে।