Sreerupa Mitra Chaudhury: খগেনকে মারল কারা? ‘তৃণমূলের মাস্টার-মাইন্ড’ খুঁজতে CBI চাইলেন শ্রীরূপা – Bengali News | Sreerupa Mitra Chaudhury: Sreerupa Mitra Chaudhury want cbi investigation regarding khagen murmu case
শ্রীরূপা মিত্র চৌধুরীImage Credit: Tv9 Bangla
মালদহ: সোমবার বেধড়ক মার খেতে হয়েছে সাংসদ খগেন মুর্মুকে (Khagen Murmu)। উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন মালদহ উত্তরের এই বিজেপি সাংসদ। তবে খগেনের চিকিৎসা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন মালদহ ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁর অনুমান, এই রাজ্যে খগেনের চিকিৎসা হলে আরও ক্ষতি করা হতে পারে।
শ্রীরূপার এও অভিযোগ, খগেন মুর্মুর উপর হামলা চালানো পুরো কাশ্মীরের হামলা চালানোর মতো। তাঁদের পিছনে বড় মাস্টার মাইন্ড রয়েছে। যাঁরা হামলা চালিয়েছে তাঁরা বহিরাগত। তাঁদের আশ্রয় দিয়েছে তৃণমূল। বিধায়ক বলেন, “যাঁরা বন্যা দুর্গত তাঁরা ত্রাণের জন্য এমন করে না, খগেনদা যখন যাচ্ছিলেন সেই সময় ওঁর কাছে কোনও অস্ত্র ছিল না। তিনি কিন্তু বিজেপির সংসদীয় এলাকা থেকেই যাচ্ছিলেন। যাঁরা আক্রমণ করেছেন তাঁরা কিন্তু এখনও গ্রেফতার হয়নি। পুলিশের উর্দি পরে যাঁরা দাঁড়িয়েছিলেন তাঁরা কারা। তারা কি প্রকৃত পুলিশ? নাকি পুলিশের উর্দি পরা দুষ্কৃতী? যাঁরা এই পাথর মেরেছেন, সেই পাথরবাজির মাস্টারমাইন্ড কে? এটা কিন্তু খগেন মুর্মুর অনুষ্ঠান ছিল না। ছিল রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সভা ছিল। তাহলে এর পিছনে মাস্টার মাইন্ড কে আছে?”
সঙ্গে তাঁর আরও সংযোজন, খগেন মুর্মুর উপর যে বারবার আক্রমণ হবে সেই হুমকি আগেই এসেছে। অথচ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনি বলেন, “আমি প্রতিবার ভাইফোঁটা দি খগেনদাকে। আমি সিবিআই তদন্ত চাইছি। একজন সাংসদকে মারার সাহস হয় কী করে? আমাদের জানতে হবে তৃণমূলের মাস্টার-মাইন্ড কে?”
এ দিকে, আজ হাসপাতালে খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি সাংসদ। মুখ্যমন্ত্রী জানান, “খগেনের সঙ্গে কথা হয়েছে, অবস্থা স্থিতিশীল। খগেন মুর্মুর দ্রুত আরোগ্য কামনা করি।”