Medinipur: সিঁদুর খেলার মধ্যে প্যান্ডেলে আগুন, ঝেঁপে এল বৃষ্টি, এড়ানো গেল বড় বিপদ – Bengali News | Fire breaks out in pandal during vermilion game heavy rain falls major danger averted
মেদিনীপুর: বৃষ্টির জেরে, বরাত জোরে বড় ক্ষতির থেকে বাঁচল পূজা কমিটি । দশমীর দিন পূজা মণ্ডপে আগুন । মেদিনীপুর শহরের যুব সংঘের মাঠে আদি নজরগঞ্জ মহাতাবপুর কালগাং সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির মণ্ডপে হঠাৎই আগুন লেগে যায় । অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রাথমিকভাবে আগুন লাগানোর কাজে হাত লাগান পুজো কমিটির সদস্যরা।
কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। একদিকে টানা বৃষ্টি অন্যদিকে দমকল বিভাগের তৎপরতা দুইয়ের চেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে । ফলে প্যান্ডেলের একাংশ পুড়ে গেলেও বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। পুজো উদ্যোক্তারাই জানাচ্ছেন, সে রকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
দমকল বিভাগের আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগেছে । ঘটনা তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ ।
বিজয়া দশমীর দিন সকলেই দেবীকে বরণ করতে গিয়েছেন। প্যান্ডেলে এমনিতেই ভিড় ছিল। তার মধ্যে আগুন ধরে যাওয়ার ঘটনায়, স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সকলকে অত্যন্ত তৎপরতার সঙ্গে প্যান্ডেল থেকে বার করে আনা সম্ভব হয়।
এক পুজো উদ্যোক্তা বলেন, “প্রথমটায় স্বাভাবিকভাবেই সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। পরে এমনিতে বৃষ্টি হচ্ছিল। আর দমকলও জল দেয়, তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। বড় কোনও বিপদ হয়নি। “