Jadavpur University: ৪৮ ঘণ্টার মধ্য়ে বন্ধ করে দিতে হবে…! যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বড় নির্দেশ হাইকোর্টের – Bengali News | Calcutta high court orders closure of all jadavpur university hostels within 48 hours
যাদবপুর বিশ্ববিদ্য়ালয়Image Credit: নিজস্ব চিত্র | Getty Image
কলকাতা: ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করে দিতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল। একটা ঘর যাতে খোলা না থাকে তা নিশ্চিত করবে যাদবপুর থানার পুলিশকে। শুক্রবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।
মামলার নেপথ্যে
মাসকতক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে শুরু হয় শুনানি। গোটা শুনানি পর্বের নানা সময় উঠে আসে যাদবপুরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রসঙ্গ। উঠে আসে সিসিটিভি লাগানোর কথাও। উঠে আসে বহিরাগত তত্ত্বও।
বৃহস্পতিবারও সেই ‘উড়ো প্রসঙ্গগুলি’ থেকে বাদ পড়ল না যাদবপুর-শুনানি। শুরু হয়ে গিয়েছে পুজো ছুটি। তাই বিশ্ববিদ্যালয় চত্বরে এই সময় যাতে কোনও বহিরাগত না ঢুকতে পারে তা নিশ্চিত করতে তৎপর হতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। আর এই কাজে তারা পুলিশি সাহায্য নিতে পারবে বলেও জানিয়েছে আদালত।
এদিন ডিভিশন বেঞ্চের সাফ নির্দেশ, পুজোর ছুটি পড়ে গিয়েছে। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল হস্টেলে তালা ঝোলাতে হবে। কোনও ঘর খুলে রাখা যাবে না। তদারকি করবে যাদবপুর থানার পুলিশ। পুজো মিটলেই খুলে দিতে হবে হস্টেলগুলি। এমনকি, সেই সময় রাজ্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা-সহ যাবতীয় সমস্যা নিয়ে বসে আলোচনা করবেন। সেই বৈঠকে সিসিটিভি-সহ অন্য বিষয়গুলি চূড়ান্ত করতে হবে বলে জানিয়েছে আদালত। পাশাপাশি, ওই বৈঠকের নির্যাস সংক্রান্ত একটি রিপোর্টও জমা দিতে হবে।